Bengal Liberty : চেন্নাই সফরেও মেলেনি সাফল্য। আসন পুনর্বিন্যাস বিলের বিরোধিতায় বিরোধী শিবিরকে একজোট করতে মরিয়া অভিষেক যখন ডিএমকে এবং শরদ পাওয়ারের দুয়ারে, সেই সময়ই এবার অভিষেককে কার্যত পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কাকলি ঘোষ দস্তিদার। কেন্দ্রের জোড়া বিলের পক্ষে সমর্থন দেওয়ার হুঁশিয়ারি দিয়ে তৃণমূলের সাংসদদের উদ্দেশে হুইপ জারি করলেন ‘ খাতায় কলমে ‘ দলের মুখ্য সচেতক কাকলি। সঙ্গে কড়া হুঁশিয়ারী দিয়েছেন, হুইপ না মানলে সাংসদ পদ বাতিল হবে। ফলে সাত লক্ষ ভোটে জেতা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কি চেন্নাই থেকে ফিরে বিল এর পক্ষে ভোট দেবেন? সেটাই এখন বড় প্রশ্ন ।
অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের ২৭ জন সাংসদের উদ্দেশে জারি করা এই হুইপে আগামী ৩০ নভেম্বর সোমবার সকাল ১১টা থেকে এবং ১ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১টা থেকে লোকসভায় উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ডিলিমিটেশন বিল, ২০২৬ নিয়ে আলোচনা ও ভোটাভুটি শেষ না হওয়া পর্যন্ত সংসদে থাকতে হবে সাংসদদের। শুধু উপস্থিত থাকাই নয়, বিলটি বিবেচনা ও পাশ করানোর জন্য আয়োজিত ভোটাভুটিতে অংশ নিয়ে বিলের পক্ষেই ভোট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কাকলি ঘোষ দস্তিদারের চিঠিতে স্পষ্ট জানানো হয়েছে, মুখ্য সচেতকের এই নির্দেশ কঠোরভাবে পালন করতে হবে। অন্যথায় দলীয় হুইপ অমান্য করার জেরে আইনি ও সংসদীয় জটিলতার মুখে পড়তে পারেন সংশ্লিষ্ট সাংসদরা।

এখানেই তৈরি হয়েছে বড় প্রশ্ন। কারণ, গত শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সাংসদদের উদ্দেশে হুইপ জারি করেছিলেন। কিন্তু সেই হুইপের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, খাতায়-কলমে এখনও তৃণমূলের চিফ হুইপ কাকলি ঘোষ দস্তিদার। ফলে হুইপ জারি করার সাংবিধানিক ও সংসদীয় অধিকার তাঁরই রয়েছে। অভিষেক দলের সংসদীয় নেতৃত্বে থাকলেও চিফ হুইপের দায়িত্বে এখনও কাকলি। অন্যদিকে, লোকসভার ওয়েবসাইটে তৃণমূল কংগ্রেসের সাংসদ হিসেবে দেখানো ২৮ জনের তালিকায় কাকলি-সহ ২০ জন সাংসদের নাম রয়েছে, যাঁরা নিজেদের এনসিপিআই গোষ্ঠীর সাংসদ বলে দাবি করছেন। অর্থাৎ, খাতায়-কলমে তাঁদের পরিচয় এখনও তৃণমূল সাংসদ হিসেবেই রয়েছে। ফলে প্রশ্ন উঠছে, কাকলীর জারি করা হুইপ
আরও খবর
আসল তৃণমূল কংগ্রেস থেকে এসেছে নাকি কাকলি ঘোষ দস্তিদারের সমর্থিত এনসিপিআই বলে দাবি করা গোষ্ঠী? কারণ, হুইপ জারি করতে ২টো শর্ত লাগে। ১. হুইপটা আসল দলের তরফ থেকে আসতে হবে। ২. স্পিকারকে সেই অযোগ্যতার আবেদনে রায় দিতে হবে। কিন্তু এই ক্ষেত্রে হুইপ কোন দলের তরফে তা স্পষ্ট না হওয়ায় কোনো সাংসদ যদি হুইপ অমান্য করে সেই ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেবলমাত্র স্পিকারের।
একদিকে ডিলিমিটেশন বিলের বিরোধিতায় ইন্ডিয়া শিবিরের ঘুম উড়েছে। অন্যদিকে বিলের পক্ষে ভোট নিশ্চিত করতে এনডিএ ঘুঁটি সাজাছে। এই দুইয়ের মাঝেই অভিষেক ও কাকলির পৃথক হুইপ ঘিরে এখন সাংসদদের সামনে কার্যত শাঁখের করাতের পরিস্থিতি। কোন নির্দেশ মানবেন তাঁরা, কোন গোষ্ঠীর সংসদীয় অবস্থান বৈধ, তাই নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। ফলে এনডিএ এর বিশেষ অধিবেশন ও কেন্দ্রের জোড়া বিল পেশ নিয়ে রাজধানীতে এখন টানটান উত্তেজনা


