Bengal Liberty : লোকসভার আসন পুনর্বিন্যাস ও মহিলা সংরক্ষণ সংক্রান্ত বিল ঘিরে এবার দিল্লিতে জোর তৎপরতা। এনডিএ শিবিরকে সমর্থনের বিনিময়ে পশ্চিমবঙ্গে নিজেদের সংসদীয় এলাকায় কাজকর্মে যাবতীয় সহযোগিতার আশ্বাস পেলেন তৃণমূল ছেড়ে NCPI-তে যাওয়া ২০ জন সাংসদ। শুধু সাংসদ তহবিলের অর্থ খরচ নয়, নিজেদের এলাকায় কাজ করতে গিয়ে বিজেপি নেতা-কর্মীদের কাছে যাতে তাঁরা কোনওভাবে অপমানিত না হন, সেই বিষয়েও দলীয় নেতৃত্বের সামনে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
রবিবার রাতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের দিল্লির বাসভবনে আয়োজিত নৈশভোজে আমন্ত্রণ জানানো হয় NCPI-র ২০ জন সাংসদকে। বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত বিজেপির ১২ জন লোকসভা সাংসদ এবং ছয় জন রাজ্যসভার সাংসদ। ছিলেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি তথা সাংসদ শমীক ভট্টাচার্য এবং রাজ্য বিজেপির পর্যবেক্ষক সুনীল বনসলও। অভিনেত্রী তথা রাজ্যসভা সাংসদ কোয়েল মল্লিক রবিবার দিল্লি যেতে পারেননি। সোমবার সরাসরি সংসদে যোগ দেওয়ার পাশাপাশি ভূপেন্দ্র যাদবের বাড়িতে আয়োজিত মধ্যাহ্নভোজে যোগ দেওয়ার কথা তাঁর।
দলীয় নেতৃত্বের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু NCPI-র ২০ জন সাংসদকে মহিলা সংরক্ষণ বিল এবং আসন পুনর্বিন্যাস বিলে কেন্দ্রীয় সরকারকে সমর্থন জানানোর জন্য ধন্যবাদ জানান। পাশাপাশি পশ্চিমবঙ্গে তাঁদের লোকসভা এলাকায় সাংসদ তহবিলের অর্থ খরচের ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দেন তিনি। কোনও ধরনের প্রশাসনিক বা অন্যান্য সাহায্যের প্রয়োজন হলে সেখানেও সহযোগিতা করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। একইসঙ্গে ওই সাংসদরা যাতে রাজ্যে কোনওভাবেই বিজেপি নেতা-কর্মীদের দ্বারা অপমানিত না হন, সেই বার্তাও কার্যত উপস্থিত দলের দুই নেতাকে দেন তিনি। আগামী লোকসভা নির্বাচনের এখনও আড়াই বছর বাকি। এই সময়ের মধ্যে সাংসদরা যাতে নিজেদের তহবিলের অর্থ সঠিকভাবে খরচ করতে পারেন, সেই দিকে মন দেওয়ার পরামর্শও দেন শুভেন্দু।
আরও খবর
এদিকে, বিলগুলিতে পশ্চিমবঙ্গ থেকে সিংহভাগ সাংসদের সমর্থন নিশ্চিত করতেই মুখ্যমন্ত্রীকে দিল্লিতে তলব করা হয়েছে বলে নবান্ন সূত্রের দাবি। শনিবার দিল্লি থেকে জরুরি বার্তা পাওয়ার পর রবিবার দুপুরের বিমানে রাজধানীর উদ্দেশে রওনা হন তিনি। সাধারণত দিল্লি সফরে কাজ মিটিয়ে সেদিনই কলকাতায় ফেরেন মুখ্যমন্ত্রী। তবে এবার রবিবার রাতেও দিল্লিতে থাকার কর্মসূচি রয়েছে।
সোমবার থেকে শুরু হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন। তার আগে কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। সেখানে NCPI-তে যোগ দেওয়া ২০ জন সাংসদকে আমন্ত্রণ জানানো হয়েছে। উপস্থিত থাকবেন শুভেন্দুও।
অন্যদিকে, দিল্লি যাওয়ার আগে শনিবার কলকাতায় বীরভূমের সাংসদ শতাব্দী রায়ের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠক শেষে শুভেন্দু জানান, নারী ক্ষমতায়নের লক্ষ্যে পেশ হতে চলা দু’টি বিলে নরেন্দ্র মোদি সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন শতাব্দী।
সব মিলিয়ে, বিল ঘিরে দিল্লির রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে। কারণ, শনিবারই তড়িঘড়ি দিল্লি পৌঁছেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, শুক্রবার রাতে রাহুল গান্ধীর সঙ্গে ফোনে কথা বলার পরেই তাঁর দিল্লি সফর। তবে শুভেন্দু দিল্লি পৌঁছনোর সময় মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ইন্ডি জোটের শরিকদের সঙ্গে চেন্নাইয়ে গিয়েছিলেন ডিএমকে নেতা এম কে স্তালিনের সমর্থন আদায় করতে।
এই বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলের জল্পনা আরও বেড়েছে। বিশেষ করে বিরোধী শিবিরের একাংশ বিলের বিরোধিতা করলেও NCPI সাংসদদের সমর্থন এবং রাজ্য নেতৃত্বের সক্রিয় ভূমিকা সোমবারের ভোটাভুটিতে কেন্দ্রের পক্ষে সমীকরণ বদলাতে পারে বলেই মনে করা হচ্ছে।


