Bengal Liberty : কংগ্রেসের বিরুদ্ধে ‘বিশ্বাসঘাতকতার’ অভিযোগ তুলে আগেই হাত ছেড়েছে ডিএমকে। সেই শৈত্য কাটিয়ে পুরনো সম্পর্ক ফেরানোর চেষ্টা করলেন রাহুল গান্ধী। বিরোধী জোট ‘ইন্ডি’ যখন আসন পুনর্বিন্যাস বিল নিয়ে চাপে, তখনই সদলবলে চেন্নাইয়ে ডিএমকে প্রধান এমকে স্ট্যালিনের সঙ্গে দেখা করতে পৌঁছে গেলেন বিরোধী শিবিরের শীর্ষ নেতারা। সাক্ষাতের শুরুতেই স্ট্যালিনকে আলিঙ্গন করে সম্পর্কের বরফ গলানোর বার্তা দিলেন রাহুল। কিন্তু তাতেও সিদ্ধান্ত বদলালেন না ডিএমকে প্রধান। বৈঠকের পর স্পষ্ট জানিয়ে দিলেন, আসন পুনর্বিন্যাস বিলে সমর্থন জানানো ছাড়া তাঁদের সামনে আর কোনও বিকল্প নেই।
সোমবার থেকে সংসদের বর্ধিত অধিবেশন শুরু হচ্ছে। এই অধিবেশনেই আসন পুনর্বিন্যাস বিল পেশ করে তা পাশ করিয়ে নিতে তৎপর নরেন্দ্র মোদী সরকার। বিল পাশ করানোর জন্য প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি পৌঁছে গিয়েছে শাসক শিবির। অন্য দিকে, এই ইস্যুতেই ক্রমশ চাপে পড়ছে বিরোধী জোট ‘ইন্ডি’। জোটের অন্যতম শরিক ডিএমকে ইতিমধ্যেই বিলটিকে সমর্থনের কথা ঘোষণা করেছে। ফলে বিরোধী শিবিরের অঙ্ক আরও জটিল হয়ে উঠেছে।
এই পরিস্থিতিতে রবিবার দুপুরে শেষ মুহূর্তে স্ট্যালিনের মন পরিবর্তনের চেষ্টা করেন বিরোধী জোটের শীর্ষ নেতৃত্ব। দিল্লি থেকে সনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খড়্গে, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় চেন্নাইয়ে পৌঁছে স্ট্যালিনের বাসভবনে তাঁর সঙ্গে বৈঠক করেন। উদ্দেশ্য ছিল, আসন পুনর্বিন্যাস বিল নিয়ে ডিএমকের অবস্থান বদলানো। কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। বৈঠকের পর ডিএমকের আইটি সেল জানিয়ে দেয়, দল ন্যায্য আসন পুনর্বিন্যাসের পক্ষেই রয়েছে।
আরও খবর
বিরোধী নেতারা চলে যাওয়ার পর স্ট্যালিনও নিজের অবস্থান স্পষ্ট করে দেন। তাঁর বক্তব্য, বিলটিকে সমর্থন করা ছাড়া ডিএমকের সামনে অন্য কোনও বিকল্প নেই। কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী জোটও বিকল্প কোনও পথ দেখাতে পারেনি বলে অভিযোগ করেন তিনি। স্ট্যালিনের কথায়, তাঁর দল সবার আগে তামিলনাড়ুর স্বার্থের কথা ভাববে। তিনি বলেন, “আসন পুনর্বিন্যাস বিল বাতিল হয়ে গেলে তামিলনাড়ু যেটুকু সুরক্ষা পায়, তা-ও হারাবে।”
অন্য দিকে, বৈঠক শেষে স্ট্যালিনকে বারবার ‘ভাই’ বলে সম্বোধন করেন রাহুল। তাঁকে ‘তামিলনাড়ুর রক্ষক’ বলেও উল্লেখ করেন কংগ্রেস নেতা। রাহুলের বক্তব্য, “অন্য দেশপ্রেমীদের মতো স্ট্যালিন ভাইকেও আসন পুনর্বিন্যাসের এই হুমকির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ডিএমকে কী বলেছে, তা আমরা জানি না। তবে আমরা স্ট্যালিনকে জানিয়েছি, আসন পুনর্বিন্যাস তামিল সংস্কৃতি, ভাষা এবং সাধারণ মানুষের জন্য বড় হুমকি।”
রাহুল আরও বলেন, “স্ট্যালিন ভাই তামিলনাড়ুর রক্ষক। আমরা তাঁকে রাজ্যটিকে বাঁচানোর অনুরোধ জানিয়েছি। বিজেপির এই ‘কুৎসিত পরিকল্পনা’ যাতে কোনও ভাবেই বাস্তবায়িত না হয়, সেই আবেদনও করেছি।”
রবিবার দুপুরে স্ট্যালিনের বাসভবনে পৌঁছনোর পরই বৈঠকের কয়েকটি ছবি কংগ্রেসের তরফে প্রকাশ করা হয়। একটি ছবিতে দেখা যায়, রাহুলকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানাচ্ছেন স্ট্যালিন। অন্য একটি ছবিতে দু’জনকে আলিঙ্গন করতে দেখা যায়। রাজনৈতিক মহলের একাংশের মতে, এই ছবি নিছক সৌজন্য বিনিময় নয়, বরং দুই দলের মধ্যে জমে থাকা বরফ গলানোর একটি সচেতন প্রয়াস।
বস্তুত, গত মে মাসে তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে ডিএমকের পরাজয়ের পর থেকেই কংগ্রেসের সঙ্গে তাদের সম্পর্কে তিক্ততা বাড়তে শুরু করে। সরকার গঠনের প্রশ্নে পুরনো জোটসঙ্গী ডিএমকের পাশে না দাঁড়িয়ে টিভিকে-কে সমর্থনের সিদ্ধান্ত নেয় কংগ্রেস। তাতেই ক্ষুব্ধ হন স্ট্যালিন। কংগ্রেসের বিরুদ্ধে ‘বিশ্বাসঘাতকতার’ অভিযোগ তুলে দলটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ডিএমকে। এর পর থেকেই ‘ইন্ডি’ জোটের সঙ্গেও দূরত্ব বাড়তে থাকে তাদের। গত কয়েক মাসে বিরোধী জোটের কোনও কর্মসূচিতেই দেখা যায়নি স্ট্যালিনকে। পাঠাননি কোনও প্রতিনিধিও।
রবিবারের বৈঠকে তাই শুধু আসন পুনর্বিন্যাস বিল নয়, কংগ্রেস-ডিএমকে সম্পর্কের ভবিষ্যৎ নিয়েও আলোচনা হয়েছে বলে মনে করা হচ্ছে। যদিও বিল নিয়ে স্ট্যালিনের অবস্থান বদলাতে পারেননি রাহুলেরা, তবু পুরনো বন্ধুত্ব ফিরিয়ে আনার এই উদ্যোগ বিরোধী জোটের কাছে তাৎপর্যপূর্ণ। রাজনৈতিক মহলের মতে, বিল নিয়ে মতপার্থক্য থাকলেও সম্পর্কের শৈত্য কাটানোর এই চেষ্টা ভবিষ্যতে ‘ইন্ডি’ জোটকে কিছুটা স্বস্তি দিতে পারে।
স্ট্যালিনের সঙ্গে বৈঠক সেরে এ বার মুম্বইয়ে যাওয়ার কথা বিরোধী জোটের নেতাদের। সেখানে তাঁরা দেখা করবেন অসুস্থ এনসিপি (শরদচন্দ্র পাওয়ার)-এর প্রধান শরদ পওয়ারের সঙ্গে। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়েই শনিবার ‘ইন্ডি’র বৈঠকে যোগ দেননি তাঁর মেয়ে সুপ্রিয়া সুলে। এদিকে, রাজনৈতিক মহলে জল্পনা ছড়িয়েছে, আসন পুনর্বিন্যাস বিল নিয়ে কেন্দ্রের সঙ্গে ইতিমধ্যেই সমঝোতায় পৌঁছেছে এনসিপির ওই শিবির। বিলকে সমর্থনের বিনিময়ে সুপ্রিয়া সুলে কেন্দ্রীয় মন্ত্রিত্ব পেতে পারেন বলেও দাবি করা হচ্ছে। যদিও এই জল্পনার আনুষ্ঠানিক সত্যতা এখনও স্পষ্ট নয়।
এই পরিস্থিতিতে শরদ পওয়ারের সঙ্গে দেখা করতে বিরোধী নেতৃত্বের একযোগে মুম্বই যাত্রাও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। একদিকে ডিএমকের সঙ্গে দূরত্ব কমানোর চেষ্টা, অন্যদিকে এনসিপির শরদ শিবিরকে পাশে রাখার উদ্যোগ—সব মিলিয়ে আসন পুনর্বিন্যাস বিলকে ঘিরে বিরোধী জোটের রাজনৈতিক সমীকরণ এখন বেশ জটিল।


