মমতা সত্যিই সঙ্কটের মধ্যে আছেন
মমতা সত্যিই সঙ্কটের মধ্যে আছেন

মমতা সত্যিই সঙ্কটের মধ্যে আছেনঃ দিলীপ

Bengal Liberty : সোমবার লোকসভায় আসন পুনর্বিন্যাস ও মহিলা সংরক্ষণ বিল পেশ হবে। গুরুত্বপূর্ণ এই দুই বিল পাশ করানো নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী এনডিএ শিবির। অন্যদিকে, বিরোধী ইন্ডিয়া জোটের অন্দরে ফাটল ধরেছে বলেও রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে দিল্লি পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাঁর এই দিল্লি যাত্রা নিয়ে কটাক্ষ ছুড়ে দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। মমতা রাজনৈতিক সংকটের মধ্যে রয়েছেন বলেও দাবি করেন তিনি।

রবিবার সকালে রাজারহাটের ইকোপার্কে প্রাতঃভ্রমণে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ। মহিলা সংরক্ষণ বিল প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশের মহিলারা খুবই জাগ্রত, খুবই সক্রিয়। আর যদি কেউ এর বিরোধিতা করে, আগামী নির্বাচনে তার ফল ভোগ করতে হবে। মহিলারা তার যোগ্য জবাব দেবেন।’ এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে দিলীপের কটাক্ষ, ‘ওনার অন্য সমস্যা। পার্টি চলে গিয়েছে। পার্টি অফিস চলে গিয়েছে। পার্টির অ্যাকাউন্ট চলে গিয়েছে। ঝান্ডা, ব্যানার, সিম্বল;সব গিয়েছে। বাঁচার জন্য দিল্লি ছুটছেন। আমরা বুঝতে পারছি না, ওনার যেন বেশি দায় ইন্ডি জোটকে বাঁচিয়ে রাখা। সত্যি সত্যি খুব সংকটের মধ্যেই আছেন।’


মহিলা সংরক্ষণ বিল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংশয় প্রকাশের প্রসঙ্গেও সরব হন দিলীপ। তাঁর বক্তব্য, ‘এতদিন যাঁরা দেশের , ঐতিহ্য ও পরম্পরার বিরোধিতা করেছেন, তাঁরা এখন রাজনৈতিক পরিবর্তনের জেরে চাপে পড়েছেন।’ তাঁর কথায়, ‘আজকে পরিবর্তন হয়ে গিয়েছে আমূল, সারা দেশে। তাই তাঁরা অসহায় হয়ে গিয়েছেন। আবার এখন মহিলা হয়ে মহিলাদের বিল সম্বন্ধে কথা বলছেন।’

আরজি কর কাণ্ডের প্রসঙ্গ টেনেও মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ, ‘যিনি পশ্চিমবঙ্গে মহিলাদের সুরক্ষা দিতে পারেননি, সম্মান রাখতে পারেননি, আরজি করের মতো ঘটনাকে লুকনোর চেষ্টা করেছেন, তিনি মহিলা বিলের বিরোধিতা করছেন! ওনার যে একটু অস্তিত্ব আছে, তাও শেষ হবে।’ এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করতে ছাড়েননি দিলীপ। তাঁর দাবি, রাজ্যের ক্ষমতা হারানোর পর অভিষেক বন্দ্যোপাধ্যায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। দিলীপের কথায়, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্ষমতা হারানোয় উনি একটু মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছেন। তাই যে কথাগুলো বলছেন, এগুলো এখনও ওকেই শোভা দেয়।’

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।