Pradhan Mantri Awas Yojana
Bengal Liberty : সাঁইথিয়া পুরসভা এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে দুর্নীতির অভিযোগ (Pradhan Mantri Awas Yojana)। পেশায় ফুচকা বিক্রেতা সুনীল যাদব আবাস প্রকল্পে নতুন করে আবেদন করতে গিয়ে জানতে পারেন, ২০১৮ সালেই তাঁর নামে একটি বাড়ি বরাদ্দ হয়েছে। অথচ সেই বরাদ্দের কোনও সুবিধাই তিনি পাননি। অভিযোগ, তাঁর নাম ব্যবহার করে অন্য একজন সরকারি অর্থ তুলে বাড়ি নির্মাণ করেছেন। ঘটনায় ক্ষুব্ধ সুনীল স্থানীয় বিজেপি বিধায়ক কৃষ্ণকান্ত সাহার দ্বারস্থ হয়েছেন। বিধায়কের দাবি, পুরো ঘটনার তদন্ত করে দুর্নীতির হিসাব কষা হবে (Pradhan Mantri Awas Yojana)।

বিধায়কের দ্বারস্থ ফুচকা বিক্রেতা (Pradhan Mantri Awas Yojana)
আবাস প্রকল্পে বাড়ির জন্য আবেদন জানাতে গিয়ে কার্যত মাথায় আকাশ ভেঙে পড়ে সাঁইথিয়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুনীল যাদবের। সরকারি নথিতে দেখা যায়, ২০১৮ সালেই তাঁর নামে একটি আবাস বরাদ্দ হয়েছে। কিন্তু বাস্তবে তিনি কোনও বাড়ি পাননি, এমনকি প্রকল্পের টাকাও তাঁর হাতে আসেনি।সুনীল যাদবের অভিযোগ, তাঁর নাম ব্যবহার করে অন্য কেউ আবাস প্রকল্পের সম্পূর্ণ সুবিধা ভোগ করেছেন। ফলে তিনি এখন নতুন করে আবাস প্রকল্পে আবেদনও করতে পারছেন না। প্রশাসনের তরফে তাঁকে জানানো হয়েছে, নতুন আবেদন করতে হলে তাঁর স্ত্রীর নামে আবেদন জমা দিতে হবে। তবে এই শর্তে রাজি নন সুনীল। তাঁর বক্তব্য, যখন তাঁর নামেই বরাদ্দ দেখানো হয়েছে, তখন সেই দুর্নীতির তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।
এই অভিযোগ নিয়েই তিনি এলাকার বিজেপি বিধায়ক কৃষ্ণকান্ত সাহার দ্বারস্থ হন। অভিযোগ শোনার পর বিধায়ক বলেন, আবাস প্রকল্পে যদি কোনও অনিয়ম বা দুর্নীতি হয়ে থাকে, তবে তার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন। দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রকৃত উপভোক্তা যাতে তাঁর প্রাপ্য অধিকার পান, সেই দাবিও জানান তিনি।



