Oil Project
Bengal Liberty:
মাটির নিচ থেকেই উঠবে তরল সোনা! ঘটতে চলেছে দীর্ঘ প্রতীক্ষার অবসান (Oil Project)। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী জুলাই মাস থেকেই উত্তর ২৪ পরগনার অশোকনগরের বাইগাছি ওএনজিসি প্রকল্পে বাণিজ্যিকভাবে খনিজ তেল উত্তোলন শুরু হতে পারে। পরবর্তীতে প্রাকৃতিক গ্যাসের বাণিজ্যিক উৎপাদনেরও পরিকল্পনা রয়েছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা ওএনজিসির। এই প্রকল্প বাস্তবায়িত হলে অশোকনগর শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশের জ্বালানি মানচিত্রেও গুরুত্বপূর্ণ স্থান দখল করবে বলে মনে করা হচ্ছে।

প্রকল্পে কাজ করা দক্ষ কর্মীদের সূত্রে জানা গিয়েছে, অশোকনগরে মোট সাতটি কূপ খনন করা হয়েছে। প্রথম পর্যায়ে বাইগাছি কেন্দ্রের একটি কূপ থেকেই জুলাই মাসের শেষ দিকে তেল উৎপাদন শুরু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। পাশাপাশি ভুরকুন্ডা, দৌলতপুর-সহ অন্যান্য এলাকাতেও খননকাজ চলছে। ভবিষ্যতে সেখান থেকেও তেল উত্তোলনের পরিকল্পনা রয়েছে। এর পাশাপাশি রানাঘাটেও মিলেছে খনিজ তেলের সন্ধান। ওএনজিসির এই প্রকল্পে প্রায় এক হাজার কোটি টাকার বিনিয়োগ হয়েছে বলে জানা গিয়েছে।
বাংলার বুকে নতুন তেলক্ষেত্র
২০১৮ সালে বাইগাছি ওএনজিসির কেন্দ্র থেকে প্রথম খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের বিপুল ভান্ডারের সন্ধান মেলে। ২০২০ সালের পরীক্ষামূলক উত্তোলনে বাইগাছি কূপ থেকে প্রায় ৩৭৫ ব্যারেল অপরিশোধিত তেল পাওয়া যায়। বিশেষজ্ঞদের দাবি, এখানকার তেলের API গ্র্যাভিটি ৪০-৪১, যা ভারতের অন্যতম প্রধান তেলক্ষেত্র বম্বে হাইয়ের তেলের মানের সমতুল্য, এমনকি কিছু ক্ষেত্রে আরও উন্নত। উত্তর আমেরিকার উত্তোলিত তেলের এপিআই গ্র্যাভিটি ৩৯.৬। তৎকালীন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান স্বয়ং এই কেন্দ্রে এসে তেলের গুণগত মানের বিষয়টি তুলে ধরেন। এই কেন্দ্র থেকে উত্তোলিত অপরিশোধিত তেল পরিশোধনের জন্য ইন্ডিয়ান অয়েলের হলদিয়া শোধনাগারে নিয়ে যাওয়া হবে। বর্তমানে প্রকল্প এলাকায় ড্রিলিং রিগ ও ড্রিল বিটের সাহায্যে প্রায় ২,৪৫০ মিটার গভীর পর্যন্ত কূপ খননের কাজ চলছে। ইতিমধ্যে ২,০০৬ মিটারেরও বেশি গভীরতায় পৌঁছে গিয়েছে খনন। প্রতিদিন গড়ে ১৫০ মিটার পর্যন্ত অগ্রগতি হচ্ছে।

১,০০০ কোটির ওএনজিসি প্রকল্পে গতি
তেল উত্তোলন শুরু হলে কূপ থেকে নিয়মিত তেল তুলতে পাম্পজ্যাক ব্যবহার করা হবে। এছাড়াও আরও অত্যাধুনিক মেশিনপত্র নিয়ে আসা হবে। এখন দুই শিফটে শতাধিক কর্মী দিনরাত কাজ করছেন। এদিকে বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য দাবি করেছেন, ২০১৮ সাল থেকে প্রকল্পের কাজ শুরু হলেও দীর্ঘদিন রাজ্য সরকারের অনুমোদন না মেলায় তা আটকে ছিল।

সম্প্রতি প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়ার পর প্রকল্পে গতি এসেছে। তাঁর দাবি, সংসদে একাধিকবার বিষয়টি উত্থাপন করার পাশাপাশি কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরির সঙ্গে ধারাবাহিক যোগাযোগের ফলেই প্রকল্পটি এগিয়ে এসেছে। তাঁর আরও দাবি, আগামী মাস অর্থাৎ মোটামুটি জুলাই থেকেই খনিজ তেল উত্তোলন হওয়ার কথা। এই প্রকল্প থেকে ভবিষ্যতে রাজ্যের বিপুল রাজস্ব আয় হবে এবং অশোকনগর-সহ আশপাশের এলাকার আর্থসামাজিক উন্নয়নে বড় ভূমিকা নেবে। প্রকল্প এলাকায় ইতিমধ্যেই নিরাপত্তা বাড়াতে উঁচু প্রাচীর নির্মাণ করা হয়েছে। তবে প্রকল্প কেন্দ্রে যাওয়ার রাস্তা এখনও কাঁচা থাকায় ভারী যন্ত্রপাতি সহ গাড়ি যাওয়া আসায় সমস্যা হচ্ছে। সেই কারণে ওএনজিসি প্রকল্প এলাকা থেকে হাবরা-নৈহাটি সড়ক পর্যন্ত সংযোগের রাস্তা নির্মাণের বিষয়েও প্রশাসনিক স্তরে ভাবনাচিন্তা চলছে। পাশাপাশি আলো, নিরাপত্তা ও অন্যান্য পরিকাঠামো উন্নয়নের পরিকল্পনা চলছে।
সব মিলিয়ে, জুলাই মাসে অশোকনগরের বাইগাছি কেন্দ্র থেকে বাণিজ্যিকভাবে খনিজ তেল উত্তোলন হয় কি না, সেদিকেই এখন তাকিয়ে রয়েছেন অশোকনগরবাসী, উত্তর ২৪ পরগনার মানুষ এবং গোটা রাজ্য। এই প্রকল্প সফল হলে পশ্চিমবঙ্গের শিল্প, কর্মসংস্থান ও জ্বালানি ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। সাংসদ শমিক ভট্টাচার্যের এই দাবি ঘিরে ইতিমধ্যেই আশার আলো দেখতে শুরু করেছে অশোকনগর সহ জেলাবাসি।


