IAS Officer
Bengal Liberty: রাজ্যের উচ্চপদস্থ আমলাদের (আইএএস) সরকারি গাড়িতে এতকাল যে ‘বিশ্ববাংলার ‘ব” প্রতীকযুক্ত পতাকা ব্যবহৃত হতো, তাতে বড়সড় পরিবর্তন আনল রাজ্য সরকার। নবান্নের নতুন নির্দেশিকা অনুযায়ী, ওই ‘ব’ লেখা পতাকা সরিয়ে তার পরিবর্তে এখন থেকে অশোক চক্র খচিত গাঢ় নীল রঙের সরকারি পতাকা ব্যবহার করা হবে।

নতুন নিয়মের খুঁটিনাটি (IAS Officer)
সরকারি কাজে জাতীয় বা আন্তর্জাতিক স্তরের বৈঠকে অংশ নেওয়ার সময় আধিকারিকদের পরিচয় ও মর্যাদা স্পষ্ট করার উদ্দেশ্যেই এই নয়া ব্যবস্থা চালু করা হয়েছে।
আধিকারিকের পদমর্যাদা অনুযায়ী পতাকার নকশা ও আকৃতি আলাদা হবে। যেমন, মুখ্যসচিব ও অতিরিক্ত মুখ্যসচিবদের জন্য আয়তাকার পতাকা এবং জেলাশাসকদের জন্য ত্রিভুজাকার পতাকা নির্ধারিত হয়েছে।
পতাকা গাড়ির বনেটের মাঝখানে বা সামনের গ্রিলে স্ট্যান্ডে লাগাতে হবে এবং তা সবসময় পরিষ্কার রাখতে হবে।

কড়া নির্দেশিকা (IAS Officer)
নবান্নের তরফে স্পষ্ট জানানো হয়েছে, শুধুমাত্র সরকারি দায়িত্ব পালনের সময়ই এই পতাকা ব্যবহার করা যাবে। ট্রাফিক আইন ভঙ্গ করলে পতাকা দেখিয়ে কোনো বিশেষ সুবিধা বা ছাড় পাওয়া যাবে না। কোনো আধিকারিকের নামে কোন পতাকা ইস্যু হয়েছে, তার পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার নবান্ন সংরক্ষণ করবে এবং সেই তথ্য কলকাতা পুলিশ ও পুরসভার সাথেও ভাগ করে নেওয়া হবে। ইতিমধ্যে নতুন নকশার পতাকা গাড়িতে লাগানোর কাজ শুরু হয়েছে।


