Alifa Ahmed
Bengal Liberty: বিধানসভার স্পিকারের আয়োজিত ওরিয়েন্টেশন প্রোগ্রাম বয়কট করেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। কিন্তু সেই একই অনুষ্ঠানে অংশ নিয়ে ভিন্ন বার্তা দিলেন কালীগঞ্জের বিধায়ক তথা সদ্য ঘোষিত রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী আলিফা আহমেদ। কুণাল ঘোষের বয়কট ও দলের অস্বস্তির আবহে আলিফার এই উপস্থিতিকে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন চর্চা শুরু হয়েছে।

অনুষ্ঠান নিয়ে কী বললেন আলিফা? (Alifa Ahmed)
স্পিকারের আয়োজিত ওরিয়েন্টেশন প্রোগ্রামটিকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘সরকারি প্রোগ্রাম’ হিসেবে উল্লেখ করেছেন আলিফা আহমেদ। তিনি জানান, এই অনুষ্ঠান থেকে সংসদীয় রীতিনীতি এবং বিধায়কদের কার্যপ্রণালী সম্পর্কে নতুন অনেক কিছু শেখা সম্ভব হয়েছে, যা ভবিষ্যতে তাঁর রাজনৈতিক জীবনে কাজে লাগবে।

বয়কট প্রসঙ্গে বিতর্ক (Alifa Ahmed)
কুণাল ঘোষের বয়কট প্রসঙ্গে আলিফা বলেন, “কুণালদাকে অনুষ্ঠানে বসে থাকতে দেখেছিলাম, তবে কখন তিনি বেরিয়ে গিয়েছেন, তা খেয়াল করিনি।”
দলের অনুমতি ছিল কি না—এই প্রশ্নের উত্তরে আলিফা জানান, তিনি বিষয়টি নিয়ে প্রবীণ বিধায়ক ও মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছিলেন। শোভনদেববাবু তাঁকে যোগ দেওয়ার পরামর্শ দিয়েছিলেন বলেই তিনি এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন।
দলের অন্দরে যখন স্পিকারের বিরুদ্ধে দল ভাঙানোর মতো গুরুতর অভিযোগ উঠেছে, তখন আলিফা আহমেদের এই ইতিবাচক মন্তব্য তৃণমূলের অভ্যন্তরে মতাদর্শগত পার্থক্যের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।


