Bengal Liberty : শুক্রবার সন্ধ্যায় ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নির্মীয়মান সদর কার্যালয় ঘিরে তৈরি হল উত্তেজনা। দলের অভিযোগ, কোনও আগাম নোটিস বা প্রয়োজনীয় কাগজপত্র না দেখিয়েই আচমকা সেখানে পৌঁছে ব্যারিকেড বসিয়ে দেয় কলকাতা পুলিশ। ফলে নির্মীয়মান পার্টি অফিসে ঢোকার পথ কার্যত আটকে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে বিরোধী দল তৃণমূলের অন্দরে ক্ষোভ ছড়িয়েছে। পুলিশের এই পদক্ষেপের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলেও অভিযোগ তুলেছে মমতা তৃণমূল।
কালীঘাট তৃণমূল সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যায় নির্মীয়মান মমতা তৃণমূলের ভবন থেকে ফোন যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে। জানানো হয়, আচমকাই পুলিশ এসে পার্টি অফিসে প্রবেশের রাস্তায় ব্যারিকেড বসিয়ে দিয়েছে। খবর পেয়েই সেখানে পৌঁছন কলকাতার সংগঠনের উত্তর ও দক্ষিণ কলকাতার জেলার সভাপতিরা। আইনজীবী বৈশ্বানর চট্টোপাধ্যায় এবং বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ পৌঁছে নির্মীয়মান কার্যালয়ে উপস্থিত কর্মীদের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করেন তাঁরা।
মমতা তৃণমূলের নেতাদের দাবি, আনন্দপুর থানার পুলিশ কোনও পূর্ব ঘোষণা ছাড়াই সেখানে ব্যারিকেড বসিয়েছে। এর ফলে নির্মীয়মান কার্যালয়ে প্রবেশ করতে পারছেন না দলের নেতা-কর্মীরা। পরে দুই নেতা পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলে জানতে চান, কী কারণে এই পদক্ষেপ করা হয়েছে। পুলিশ তাঁদের জানায়, কলকাতা পুরসভার প্রয়োজনীয় অনুমতি ছাড়া নির্মীয়মান ভবনটি ব্যবহার করা যাবে না।
আরও খবর
যদিও পুলিশের এই যুক্তি মানতে নারাজ মমতা তৃণমূলের নেতৃত্ব। তাঁদের বক্তব্য, দলের সদর কার্যালয়ের নির্মাণকাজ এখনও সম্পূর্ণ হয়নি। ফলে ভবনটি এখনই দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছে না। নির্মাণের অগ্রগতি খতিয়ে দেখতে এবং কাজের তদারকি করতেই নেতা-কর্মীরা নিয়মিত সেখানে যাতায়াত করেন। এমন পরিস্থিতিতে ভবন ব্যবহারের অনুমতিপত্রের প্রসঙ্গ তুলে প্রবেশের পথে ব্যারিকেড বসানোর কোনও যৌক্তিকতা নেই বলেই দাবি দলের।
শনিবার সকালে পরিস্থিতি খতিয়ে দেখতে নির্মীয়মান তৃণমূল ভবনে যান রাজ্যসভার সাংসদ দোলা সেন। সেখানে দীর্ঘক্ষণ দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে পুলিশের ভূমিকা নিয়ে সরাসরি রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তোলেন দোলা। তাঁর কথায়, শুক্রবার জোড়া হারের পর প্রতিশোধ নিতেই পার্টি অফিস দখলের চেষ্টা হয়েছে। তিনি বলেন, ‘‘আসলে জোড়া হারের প্রতিশোধ নিতে পার্টি অফিস দখল করতে চেয়েছিল। এই প্রতিহিংসাপরায়ণ রাজনীতি করে মমতা বন্দ্যোপাধ্যায় বা তাঁর দলকে দমানো যাবে না।’’
ঘটনাকে কেন্দ্র করে মমতা তৃণমূলের-পুলিশ সংঘাত নতুন মাত্রা পেল। কলকাতা পুরসভার অনুমতি সংক্রান্ত প্রশ্নে প্রশাসনের অবস্থান এবং নির্মীয়মান ভবনে প্রবেশে বাধা দেওয়ার কারণ নিয়ে রাজনৈতিক চাপানউতোর আরও বাড়তে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।


