Puncha Block Office
Bengal Liberty: রাতের অন্ধকারে ব্লক অফিসের ভেতরে বসে সরকারি প্রকল্পে কারচুপির অভিযোগে তুলকালাম পুরুলিয়ার পুঞ্চা ব্লকে। ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের তথ্যে হেরফের করার অভিযোগে তৃণমূল কংগ্রেসের দুই স্থানীয় নেতা ও দুই কর্মীকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দিলেন বিজেপি কর্মী-সমর্থকেরা। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
ঘটনার সূত্রপাত (Puncha Block Office)
মঙ্গলবার রাতে পুঞ্চা ব্লক অফিসের একটি কক্ষের ভেতরে ল্যাপটপ নিয়ে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের কাজ চলছিল। গোপন সূত্রে খবর পেয়ে বিজেপি নেতা-কর্মীরা সদলবলে সেখানে হানা দেন। তাঁদের দাবি, রাতের আঁধারে অনৈতিকভাবে প্রকল্পের তথ্য পরিবর্তন করা হচ্ছিল, যাতে যোগ্য উপভোক্তাদের নাম বাদ দিয়ে নিজেদের পছন্দের লোকজনকে সুবিধা পাইয়ে দেওয়া যায়।

গ্রেপ্তার চারজন (Puncha Block Office)
ঘটনার সময় ব্লক অফিসের ভেতরে হাতেনাতে ধরা পড়েন পুঞ্চা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি কৃপাসিন্ধু ব্যানার্জি (ধরম ব্যানার্জি) এবং পূর্ত কর্মাধ্যক্ষ চরণপাহাড়ি দাস। তাঁদের সঙ্গে আটক করা হয় ব্লকের কর্মী সুমিত কুন্ডু এবং লাখরা গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গৌতম দাসকে। বিডিও-র (BDO) উপস্থিতিতেই বিজেপি কর্মীরা ব্যাপক বিক্ষোভ দেখান। পরে বিডিও-র লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ চারজনকেই গ্রেপ্তার করে।

তদন্ত ও আইনি প্রক্রিয়া (Puncha Block Office)
বিজেপির জেলা সহ-সভাপতি জনপ্রিয় ঘোষের অভিযোগ, দীর্ঘদিন ধরেই রাতের অন্ধকারে ব্লক অফিস ব্যবহার করে নানা অবৈধ কাজ করছিলেন এই নেতারা। ধৃতদের বিরুদ্ধে বিএনএস (BNS)-এর ৩৩২(সি) ধারায় মামলা রুজু করেছে পুলিশ। বুধবার ধৃতদের পুরুলিয়া আদালতে পেশ করা হবে। তবে তৃণমূলের তরফে এই ঘটনায় এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

