Rajesh Sharma
Rajesh Sharma

Rajesh Sharma: অসুস্থ অভিনেতা রাজেশ শর্মার দ্রুত আরোগ্য কামনা মুখ্যমন্ত্রীর

Bengal Liberty

গত কয়েক দিন ধরেই শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি জনপ্রিয় অভিনেতা রাজেশ শর্মা (Rajesh Sharma)। তাঁর সুস্থতা কামনা করে সামাজিক মাধ্যমে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হিসেবে হাসপাতালে গিয়ে অভিনেতার সঙ্গে দেখা করেছেন চিকিৎসক ইন্দ্রনীল খাঁ। তিনি অভিনেতার হাতে ফুল তুলে দিয়ে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন এবং তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নেন।

.

সুস্থতা কামনায় মুখ্যমন্ত্রী

শুক্রবার ঢাকুরিয়ার মণিপাল হাসপাতালে গিয়ে অভিনেতার শারীরিক অবস্থার খোঁজ নেন ডা. ইন্দ্রনীল খাঁ। তিনি জানান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে রাজেশ শর্মার দ্রুত আরোগ্য ও সুস্থতার শুভেচ্ছা পৌঁছে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী তাঁর দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার কামনা করেছেন। সূত্রের খবর, হায়দরাবাদে প্রভাসের আসন্ন ছবির শুটিং চলাকালীন বিষাক্ত মাকড়সার কামড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন জনপ্রিয় অভিনেতা রাজেশ শর্মা। সংক্রমণ ছড়িয়ে পড়ায় গত ৭ জুলাই তাঁকে কলকাতায় এনে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ডায়াবেটিস থাকায় তাঁর শারীরিক পরিস্থিতি কিছুটা জটিল হয়ে উঠলেও বর্তমানে তিনি চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন।

Rajesh Sharma
Rajesh Sharma

অসুস্থতার কারণ

অন্য দিকে, পোকা কামড়ানোর তত্ত্ব নস্যাৎ করে রাজেশের আপ্তসহায়ক জানান যে, এই বিষয়ে ভুল তথ্য ছড়িয়েছে। হায়দরাবাদে শুটিং করার সময়ে এমন কোনো ঘটনা ঘটেনি। অভিনেতা হায়দরাবাদ থেকে বৃহস্পতিবার কলকাতায় ফেরেন। গত রবিবার থেকে আচমকাই রাজেশের পায়ে সংক্রমণ দেখা দেয়। সেটি কোনো পোকার কামড়ে হয়নি, বরং উচ্চ রক্তশর্করার (হাই সুগার) কারণে হয়েছে। ব্লাড সুগার বেশি থাকলে শরীরে যেকোনো সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ে। চিকিৎসক সূত্রে জানা গিয়েছে, বর্তমানে রাজেশ শর্মার শারীরিক অবস্থা স্থিতিশীল। তাঁর শ্বাসকষ্ট বা রক্তে শর্করার মাত্রা এখন নিয়ন্ত্রণে রয়েছে। তিনি স্বাভাবিক খাবার খাচ্ছেন এবং সবার সঙ্গে কথাবার্তাও বলছেন। তবে সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত তাঁকে চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রাখা হবে।

Advertisement
Advertisement

এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে শুটিং সেটের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। ‘অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’ শুটিং সেটের নিরাপত্তা ব্যবস্থার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে। সংগঠনের অভিযোগ, শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রযোজনা সংস্থাগুলির আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন, যাতে ভবিষ্যতে এই ধরনের অপ্রীতিকর ঘটনা আর না ঘটে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury