Bengal Liberty: সল্টলেকের বনবিতানে অরণ্য সপ্তাহের শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কর্মসূচির শুরুতে তিনি নিজের হাতে একটি গাছের চারা রোপণ করেন, গাছের গোড়ায় জল দেন এবং উপস্থিত ছাত্র-ছাত্রীদের হাতে চারা গাছ তুলে দেন। সেখান থেকেই পরিবেশ রক্ষার বার্তার পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি, সিন্ডিকেট রাজ এবং নির্বিচারে গাছ কাটার অভিযোগে সরব হন তিনি।

দুর্নীতি-সিন্ডিকেটে কড়া হুঁশিয়ারি (Suvendu Adhikari)
শুভেন্দু বলেন, “তৃণমূলের দুর্নীতি থেকে গাছও রেহাই পায়নি।” তাঁর অভিযোগ, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়াসহ একাধিক জেলায় সিন্ডিকেটের মদদে নির্বিচারে গাছ কেটে অরণ্য ধ্বংস করা হয়েছে। উত্তরবঙ্গের তরাই-ডুয়ার্সের বনাঞ্চলেও একই ছবি দেখা গিয়েছে বলে দাবি করেন তিনি। তাঁর কথায়, “বিগত সরকার অরণ্যকে ধ্বংস করেছে। আজ আমাদের রাজ্য ক্রমশ কংক্রিটের জঙ্গলে পরিণত হচ্ছে।”
বহুতল নির্মাণের সময় নির্দিষ্ট অংশে সবুজায়নের নিয়ম থাকলেও বহু প্রোমোটার ও সিন্ডিকেট তা মানছে না বলেও অভিযোগ করেন শুভেন্দু। তিনি স্পষ্ট জানান, অপরিকল্পিতভাবে গাছ কাটা, দুর্নীতি এবং সিন্ডিকেট রাজ আর বরদাস্ত করা হবে না। এই ধরনের ঘটনার বিরুদ্ধে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া উচিত।
আরও খবর

১০ কোটি গাছের লক্ষ্য (Suvendu Adhikari)
এদিন তিনি ‘একটি গাছ মায়ের নামে’ কর্মসূচিতে শামিল হওয়ার জন্য রাজ্যবাসীর কাছে আবেদন জানান। তাঁর কথায়, প্রত্যেক পরিবার যদি অন্তত একটি করে গাছ রোপণ করে এবং তার যত্ন নেয়, তাহলে পরিবেশ রক্ষার লড়াই অনেকটাই সফল হবে।
পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে রাজ্যজুড়ে ১০ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রাও ঘোষণা করেন তিনি। এই কর্মসূচির আওতায় প্রতিটি পঞ্চায়েত সদস্যকে ১,০০০টি এবং প্রতিটি বিধায়ককে ১ লক্ষ গাছ লাগানোর দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি। শুভেন্দু বলেন, পরিবেশ রক্ষা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি প্রত্যেক নাগরিকের সামাজিক কর্তব্য।


