Health Minister Saradwat Mukhopadhyay
Bengal Liberty: সরকারি হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন ও স্বচ্ছতা নিশ্চিত করতে এবার আরও কড়া অবস্থান নিল রাজ্য সরকার। শনিবার দুপুরে কোনও পূর্ব ঘোষণা ছাড়াই কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গেলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। হাসপাতালের সামগ্রিক পরিচ্ছন্নতা, রোগী পরিষেবা এবং দালালচক্রের দৌরাত্ম্য নিয়ে এদিন তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে রীতিমতো কাঠগড়ায় দাঁড় করান।
পরিদর্শনের খতিয়ান (Health Minister Saradwat Mukhopadhyay)
শনিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ হাসপাতালে পৌঁছে স্বাস্থ্যমন্ত্রী সোজা চলে যান জরুরি বিভাগ,ট্রমা বিল্ডিং এবং শিশু ও মহিলা ওয়ার্ডে। তিনি রোগীদের পরিবারের সঙ্গে কথা বলেন এবং তাদের অভাব-অভিযোগ সরাসরি শোনেন, যা তিনি নিজে নথিবদ্ধও করেছেন। হাসপাতাল চত্বরের বিভিন্ন অংশে স্তূপাকার ময়লা-আবর্জনা দেখে মন্ত্রী চরম অসন্তোষ ও বিরক্তি প্রকাশ করেন। চিকিৎসক-পড়ুয়াদের হস্টেল চত্বরের অস্বাস্থ্যকর পরিবেশ দেখেও তিনি কর্তৃপক্ষকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

দালালরাজ ও আয়াচক্রের বিরুদ্ধে হুঁশিয়ারি (Health Minister Saradwat Mukhopadhyay)
পরিদর্শন শেষে মন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, রাজ্যে পালাবদলের পর স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোই সরকারের মূল লক্ষ্য। তিনি বলেন, রোগীদের পরিবারের ওপর জোর করে বেসরকারি ‘আয়া’ রাখার যে প্রবণতা রয়েছে, তা অবিলম্বে বন্ধ করতে হবে।
চিকিৎসা বা পরিষেবার নামে কোনো দালাল টাকা দাবি করলে সাধারণ মানুষকে ভয় না পেয়ে সরাসরি অধ্যক্ষ বা এমএসভিপি-কে জানাতে বলা হয়েছে। প্রয়োজনে সাধারণ মানুষ সরাসরি স্বাস্থ্যমন্ত্রীকে ফোন করেও অভিযোগ জানাতে পারেন।কোনো ক্ষেত্রে ওষুধের সমস্যা হলেও তা কর্তৃপক্ষকে জানানোর নির্দেশ দিয়েছেন তিনি।

পরিকাঠামোর সংস্কার (Health Minister Saradwat Mukhopadhyay)
অতীতে আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুন এবং লিফটে দুর্ঘটনাজনিত মৃত্যুর মতো মর্মান্তিক ঘটনা হাসপাতালের অভ্যন্তরীণ নিরাপত্তা ও পরিকাঠামো নিয়ে বড়সড় প্রশ্ন তুলেছিল। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, সরকারি হাসপাতালে শৃঙ্খলা বজায় রাখতে এখন থেকে নিয়মিত এমন আকস্মিক পরিদর্শন চলবে। আরজি করের অব্যবস্থা দূর করতে তিনি ইতিমধ্যে হাসপাতালের একাধিক দপ্তরের আধিকারিকদের নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন।
সম্প্রতি বারাসত ও কল্যাণী জেএনএম হাসপাতালেও একইরকম সারপ্রাইজ ভিজিট করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রী। প্রশাসনিক মহল মনে করছে, সরকারি স্বাস্থ্য পরিষেবা ঢেলে সাজাতে এবং দালাল ও রেফার সমস্যা মেটাতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশেই এই কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। সরকারি হাসপাতালের কর্তাদের এখন সবসময় সজাগ থাকার বার্তা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।

