Argentina vs Spain
Bengal Liberty
আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। তারপরই ফুটবল বিশ্বের(Argentina vs Spain) সবচেয়ে বড় মহারণ। ফিফা বিশ্বকাপের দীর্ঘ যাত্রার অবসান ঘটতে চলেছে এক মহাফাইনালের মধ্য দিয়ে। ভারতীয় সময় আজ রাত ১২:৩০ মিনিটে নিউইয়র্ক–নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ইউরোপের পাওয়ারহাউস, উয়েফা ইউরো চ্যাম্পিয়ন তথা ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন এবং দক্ষিণ আমেরিকার হেভিওয়েট, কোপা আমেরিকা চ্যাম্পিয়ন তথা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই একটি ম্যাচকে ঘিরেই এখন বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে। ১৬ বছর পর কি আবার বিশ্বকাপ জিতবে স্পেন? নাকি টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জিতে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের রেকর্ড স্পর্শ করবে লিওনেল মেসির আর্জেন্টিনা? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ফুটবল বিশ্বে।

আর্জেন্টিনার শক্তি: দলগত সংহতি ও মেসির ম্যাজিক(Argentina vs Spain)
পুরো বিশ্বকাপ জুড়েই যথারীতি নজরের কেন্দ্রে ছিলেন লিওনেল মেসি। অনেকেই মনে করেছিলেন, ইউরোপের ফুটবল ছেড়ে মেজর লিগ সকারে (MLS) যোগ দেওয়ায় আগের সেই ধার হয়তো আর নেই তাঁর। এমন গুঞ্জনও উঠেছিল যে, কোচ লিওনেল স্কালোনি হয়তো মেসিকে ছাড়াই দল গড়বেন। কিন্তু সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অধিনায়ক হিসেবে আবারও দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন এলএম১০ (LM10)।

তবে শুধু মেসিই নন, এই বিশ্বকাপে আর্জেন্টিনার সাফল্যের অন্যতম প্রধান চাবিকাঠি হলো দলগত সংহতি। এনজো ফার্নান্দেজ, লাউতারো মার্তিনেস, নিকোলাস ওতামেন্দিসহ একাধিক ফুটবলারের দুর্দান্ত পারফরম্যান্স প্রমাণ করেছে যে, এই আর্জেন্টিনা শুধু একজন ফুটবলারের ওপর নির্ভরশীল নয়। নিখুঁত আক্রমণ, মাঝমাঠের নিয়ন্ত্রণ এবং চমৎকার বোঝাপড়াই স্কালোনির দলকে ফাইনালে তুলেছে।
স্পেনের শক্তি: নির্ভীক তরুণ রক্ত ও আধিপত্যের ফুটবল(Argentina vs Spain)
বিশ্বকাপের শুরুতে কেপ ভার্দের বিরুদ্ধে কিছুটা হোঁচট খেলেও, এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি স্পেনকে। কোচ লুইস দে লা ফুয়েন্তের দল নিজেদের নিয়ন্ত্রিত, গঠনমূলক এবং আধিপত্য বিস্তারকারী ফুটবল শৈলী প্রদর্শন করে একের পর এক প্রতিপক্ষকে কুপোকাত করেছে। দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে লা রোহারা।
সবচেয়ে বড় বিষয় হলো, রিয়াল মাদ্রিদের কোনও ফুটবলার ছাড়াই এবার ইতিহাস গড়ার পথে এগিয়েছে স্পেন। লামিনে ইয়ামালদের আত্মবিশ্বাস, দ্রুত পাসিং ফুটবল এবং আক্রমণাত্মক মানসিকতা ফাইনালে আর্জেন্টিনার রক্ষণভাগের বিরুদ্ধে কতটা কার্যকর হয়, সেটাই এখন দেখার।
বার্সেলোনা সংযোগ: দুই প্রজন্মের মহাসংগ্রাম(Argentina vs Spain)
এই ফাইনাল শুধু আর্জেন্টিনা বনাম স্পেন নয়, এটি যেন দুই প্রজন্মের এক মহালড়াই। একদিকে ফুটবলের সর্বকালের অন্যতম সেরা লিওনেল মেসি, অন্যদিকে ভবিষ্যতের মহাতারকা হিসেবে ধুমকেতুর মতো উঠে আসা লামিনে ইয়ামাল।
দু’জনেরই আরেকটি বড় যোগসূত্র হলো স্প্যানিশ ক্লাব এফসি বার্সেলোনা। যে ক্লাবের হয়ে মেসি একের পর এক রেকর্ড ও ট্রফি জিতেছেন, সেই ক্লাবেরই বর্তমান অন্যতম প্রধান ভরসা ইয়ামাল। ফলে এই দ্বৈরথের রোমাঞ্চ ফুটবলপ্রেমীদের মনে আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।

১৯’ সংখ্যার আশ্চর্য সংযোগ(Argentina vs Spain)
ফাইনালের আগে একটি ছবি সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায়, ২০০৭ সালে একটি চ্যারিটি অনুষ্ঠানে তরুণ লিওনেল মেসি এক ছোট্ট শিশুকে স্নান করাচ্ছেন। সেই শিশুই আজকের স্পেন তারকা লামিনে ইয়ামাল।
আরও অবাক করার মতো বিষয় হলো, সেই সময় আর্জেন্টিনার হয়ে মেসির জার্সি নম্বর ছিল ১৯। কাকতালীয়ভাবে, বর্তমান স্প্যানিশ সেনসেশন ইয়ামালের বয়সও ১৯ বছর।

আবার আজকের এই মহা ফাইনালটিও অনুষ্ঠিত হচ্ছে ১৯ জুলাই! এই আশ্চর্য মিল নিয়েই এখন সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল আলোচনা। তবে শেষ পর্যন্ত মেটলাইফের মাঠে নতুন ইতিহাস লিখবে কে? ১৬ বছর পর ট্রফি যাবে স্পেনে, নাকি ব্যাক-টু-ব্যাক বিশ্বচ্যাম্পিয়ন হয়ে সোনালী ট্রফি নিজেদের কাছেই রেখে দেবে আর্জেন্টিনা? সেই উত্তর মিলবে মাঠের ৯০ মিনিট, কিংবা তারও বেশি সময়ের রক্তক্ষয়ী লড়াই শেষে।

