VB-G RAM G Project
Bengal Liberty: সারা দেশে ১ জুলাই থেকে চালু হওয়া নতুন গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প ‘ভিবি জি রাম জি’ (VB-G RAM G)-এর রূপরেখা বাস্তবায়নে প্রশাসনিক জটিলতা কাটাতে তৎপর হয়েছে কেন্দ্র ও রাজ্য। এই প্রকল্পের কাজের গতি বাড়াতে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে চার দিনব্যাপী একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে।

প্রশিক্ষণের উদ্দেশ্য (VB-G RAM G Project)
কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের আধিকারিকরা এই শিবিরে প্রশিক্ষণ দেবেন। রাজ্য, জেলা, ব্লক এবং পঞ্চায়েত স্তরের আধিকারিকরা এতে অংশ নিচ্ছেন। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে সংশ্লিষ্ট আধিকারিকরা জেলা ও মহকুমা স্তরে অন্যদের এই প্রকল্পের খুঁটিনাটি বিষয় শেখাবেন। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন, গ্রামোন্নয়নের কাজকে ত্বরান্বিত করাই এই প্রশিক্ষণের মূল লক্ষ্য।

প্রশাসনিক সংকট (VB-G RAM G Project)
নতুন এই প্রকল্পে প্রতিটি যোগ্য গ্রামীণ পরিবারকে বছরে ১২৫ দিনের কাজের নিশ্চয়তা দেওয়া হয়েছে। তবে বিধানসভা নির্বাচনের পর থেকে রাজ্যের বেশ কিছু পঞ্চায়েতের প্রধান ও সদস্যরা দীর্ঘ সময় অফিসে অনুপস্থিত থাকায় প্রকল্পের কাজ শুরু করতে সমস্যা হচ্ছে। এই অচলাবস্থা কাটিয়ে প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যেই কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক ও রাজ্যের পঞ্চায়েত দপ্তরের মধ্যে সমন্বয় রক্ষা করে কাজ চালানো হচ্ছে।
উল্লেখ্য, গত জুলাই মাসে এই প্রকল্পের রূপরেখা নিয়ে মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের মধ্যে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়েছিল। সেই বৈঠকের সূত্র ধরেই বর্তমানে কেন্দ্রীয় আধিকারিকরা কলকাতায় এসে প্রশাসনিক সমস্যাগুলো খতিয়ে দেখছেন।

