Bengal Liberty:
২১ জুলাইয়ের কর্মসূচিকে কেন্দ্র করে কলকাতায় নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ। লালবাজার সূত্রে খবর, শহরের তিনটি সভাস্থল ঘিরে এক হাজারেরও বেশি পুলিশ ও নিরাপত্তা কর্মী মোতায়েন করা হচ্ছে। রাজ্যের পুলিশের পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে থাকছে কেন্দ্রীয় বাহিনীও।

নিরাপত্তা ব্যবস্থা নিছিদ্র করতে তিনটি এলাকাতেই ড্রোনের মাধ্যমে আকাশপথে নজরদারির ব্যবস্থা করা হয়েছে। আইনশৃঙ্খলা বজায় রাখতে মোতায়েন থাকবেন সেন্ট্রাল ও সাউথ ডিভিশন-সহ অন্তত পাঁচজন ডেপুটি কমিশনার (DC)। পাশাপাশি যে কোনো জরুরি পরিস্থিতি দ্রুত সামাল দিতে তৈরি রাখা হচ্ছে HRFS ও RAF বাহিনী।
আরও খবর

মোতায়েন হাজারের বেশি পুলিশ ও আধাসেনা Kolkata Police
এদিকে, ২১ জুলাই উপলক্ষে শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচলে ব্যাঘাত ঘটার আশঙ্কা রয়েছে। শহিদ মিনার চত্বরে সমর্থকদের ভিড়ের কারণে মেয়ো রোড ও রেড রোডে যানবাহন চললেও গতি বেশ শ্লথ হতে পারে। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজন মনে করলে গাড়ি অন্য পথে ঘুরিয়ে (Divert) দেওয়ার সিদ্ধান্ত নেবে ট্রাফিক পুলিশ।
যান চলাচলে বিধিনিষেধ Kolkata Police
মেয়ো রোডের একাংশে যান চলাচল স্বাভাবিক থাকলেও গতি ধীর থাকার সম্ভাবনা রয়েছে, যার প্রভাব পড়তে পারে ডাফরিন রোডেও। অন্যদিকে, ক্যাথিড্রাল রোডের একটি লেন (Flank) খোলা থাকবে। দুপুর ১টা পর্যন্ত দক্ষিণ থেকে উত্তরমুখী এবং দুপুর ১টার পর উত্তর থেকে দক্ষিণমুখী যান চলাচল চালু থাকবে। তবে ক্যাথিড্রাল রোড ও কুইন্স ওয়ে সংযোগস্থলে যানজটের আশঙ্কা রয়েছে বলে ট্রাফিক পুলিশ জানিয়েছে।

এই অবস্থায় শহরবাসীদের অপ্রয়োজনে যাতায়াত এড়িয়ে বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে।
আরও পড়ুনঃ অভিষেক-ঘনিষ্ঠ শামীম মোল্লার বিরুদ্ধে অবৈধ বেতন নেওয়ার অভিযোগে সরব বিজেপি


