Bengal Liberty : বন্ধ হচ্ছে না কলকাতা পুরসভার মাসিক বাংলা পত্রিকা ‘পুরশ্রী’। যাবতীয় জল্পনা ও বিতর্কের অবসান ঘটিয়ে সমাজমাধ্যমে পোস্ট করে এ কথা স্পষ্ট জানিয়ে দিল কলকাতা পুরসভা। সম্প্রতি পত্রিকাটির প্রকাশনা বন্ধ হয়ে যাচ্ছে বলে খবর ছড়িয়েছিল। অভিযোগ উঠেছিল, হিন্দি ও ইংরেজি সংস্করণ প্রকাশ না হওয়া পর্যন্ত বাংলা সংস্করণ আপাতত স্থগিত রাখা হয়েছে। তা নিয়ে রাজনৈতিক মহল থেকে সাংবাদিকদের একাংশের মধ্যে ক্ষোভ তৈরি হয়। শেষ পর্যন্ত সেই জল্পনায় জল ঢেলে পুরসভার বার্তা, ‘পুরশ্রী ছিল, আছে, থাকবে।’
বাংলা সংস্করণ বন্ধের জল্পনা ঘিরে শুরু হয় বিতর্ক
কলকাতার নাগরিক ইতিহাস, সংস্কৃতি এবং পুরসভার কর্মকাণ্ডের দীর্ঘদিনের সাক্ষী ‘পুরশ্রী’। ১৯৭৮ সালের ২৬ অগস্ট সমরেশ চট্টোপাধ্যায়ের সম্পাদনায় পত্রিকাটির যাত্রা শুরু হয়। ‘পুরশ্রী’-র ইতিহাস অবশ্য আরও পুরনো ঐতিহ্যের সঙ্গে যুক্ত। ১৯২৪ সালের ‘ক্যালকাটা মিউনিসিপ্যাল গেজেট’ এবং ১৯৬১ সালে রবীন্দ্র-শতবর্ষ উপলক্ষে প্রকাশিত বিশেষ সংখ্যার ধারাবাহিকতা বহন করে এই পত্রিকা। দীর্ঘ ৪৮ বছর ধরে কলকাতার নাগরিক জীবন ও পুরসভার নানা কর্মকাণ্ডের তথ্য তুলে ধরেছে এটি।
তবে সাম্প্রতিক সময়ে এর নিয়মিত প্রকাশনা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টে দাবি করা হয়, কলকাতা পুরসভার প্রশাসক স্মিতা পাণ্ডে বাংলা সংস্করণের প্রকাশ আপাতত বন্ধ বা স্থগিত রেখেছেন। হিন্দি ও ইংরেজি সংস্করণ চালু না হওয়া পর্যন্ত বাংলা পত্রিকা প্রকাশ করা যাবে না বলেও অভিযোগ ওঠে। এই খবর সামনে আসতেই শুরু হয় বিতর্ক। বাংলা ভাষার মর্যাদা এবং পুর প্রশাসনের স্বচ্ছতা নিয়ে সরব হয় পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস-সহ বিভিন্ন মহল। পুরসভার প্রশাসক স্মিতা পাণ্ডের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। অভিযোগ ঘিরে ক্রমশ বাড়তে থাকে ক্ষোভ।
আরও খবর
ঐতিহ্য বজায় রাখার বার্তা পুরসভার
উল্লেখ্য, গত ৮ জুন কলকাতা পুরসভার নির্বাচিত বোর্ড ভেঙে যাওয়ার পর বর্তমানে প্রশাসক স্মিতা পাণ্ডের তত্ত্বাবধানে পুরসভার কাজ চলছে। এই পরিস্থিতিতে ‘পুরশ্রী’-র প্রকাশনা নিয়ে তৈরি হওয়া বিতর্কে নতুন করে জল্পনা ছড়ায়। তবে এবার সমাজমাধ্যমে সরাসরি বার্তা দিয়ে পুরসভা জানিয়ে দিল, পত্রিকাটি বন্ধ হচ্ছে না। ‘পুরশ্রী ছিল, আছে, থাকবে’-এই বার্তার মাধ্যমে ৪৮ বছরের ঐতিহ্যবাহী বাংলা পত্রিকার প্রকাশনা চালু থাকার বিষয়টিই স্পষ্ট করেছে পুর প্রশাসন।


