Abhishek Banerjee
অভিষেক বন্দ্যোপাধ্যায়

শোকজের জেরে বিচারব‍্যবস্থায় আস্থা? গভীর রাতে দীর্ঘ পোস্ট করে অভিষেকের প্রশ্ন আদালতকেই

অভিষেক তাঁর পোস্টে ডায়মন্ড হারবার থানার ৩৭৪ নম্বর মামলা প্রসঙ্গে লিখেছেন, বিশ্বস্ত সূত্র মারফত তিনি জানতে পেরেছেন, মামলাটি সরকারি নথিতে ১৫ অগস্ট দায়ের হয়েছে বলে দেখানো হলেও, বাস্তবে এফআইআর দায়েরের পরিকল্পনা করা হয়েছিল ১৬ অগস্ট। অর্থাৎ, প্রকৃত ঘটনাক্রম আড়াল করতেই মামলাটি আগের তারিখে নথিভুক্ত করা হয়েছে বলে অভিযোগ তাঁর। এই অভিযোগের নেপথ্যে ১৬ অগস্টের একটি বৈঠকের কথাও উল্লেখ করেছেন অভিষেক। তাঁর দাবি, ওই দিন সিআইডির তদন্তকারী আধিকারিক রাজা নস্কর, অভিযোগকারিণী সৈয়দা সাকিনা ইয়াসমিন, বিজেপি নেতা ভাস্কর মণ্ডল এবং ডায়মন্ড হারবার থানার আইসি প্রসেনজিৎ করের মধ্যে বৈঠক হয়েছিল। সেই বৈঠকেই অভিযোগপত্র তৈরি করে থানার প্রিন্টারে ছাপানো হয় এবং মিথ্যা মামলা দায়েরের পরিকল্পনা করা হয় বলে অভিযোগ তৃণমূল সাংসদের।

এই ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য ১৬ অগস্টের ডায়মন্ড হারবার থানার সমস্ত সিসিটিভি ফুটেজ সংরক্ষণ এবং আদালতের তত্ত্বাবধানে তা পরীক্ষা করার দাবি জানিয়েছেন তিনি। অভিষেকের দাবি, ওই দিনের ফুটেজ সামনে এলেই বৈঠকের প্রকৃত উদ্দেশ্য এবং ঘটনাক্রম স্পষ্ট হয়ে যাবে। ইতিমধ্যেই এই সংক্রান্ত আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হয়েছে বলেও পোস্টে জানিয়েছেন তিনি।

নিজের আপ্তসহায়ক সুমিত রায়কে নিয়েও একাধিক অভিযোগ তুলেছেন অভিষেক। তাঁর দাবি, মাসুদ দফতারি নামে এক ব্যক্তিকে গ্রেফতারের পর সিআইডি আধিকারিকরা তাঁকে মানসিক চাপ ও ভয়ভীতি দেখিয়ে সুমিতের বিরুদ্ধে মিথ্যা বয়ান দেওয়ানোর চেষ্টা করছেন। বর্তমানে মাসুদকে ডায়মন্ড হারবার থানায় রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি। অভিষেকের অভিযোগ, সুমিতকে উস্তি থানা থেকে বের করে দু’টি পৃথক জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তাঁর বিরুদ্ধে সাজানো প্রমাণ উদ্ধারের চেষ্টা সফল না হওয়ায় পরে তাঁকেও ডায়মন্ড হারবার থানায় নিয়ে আসা হয়। এরপর মাসুদ দফতারির সঙ্গে একই জায়গায় বসিয়ে রাখা হয়েছে বলে দাবি সাংসদের। আদালতে পেশ করার ঠিক আগের রাতে এই তৎপরতা কেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিষেক। তাঁর আশঙ্কা, ১৫ অগস্টের বিতর্কিত মামলায় নতুন করে সুমিত রায়কে জড়ানোর চেষ্টা চলছে। এই গোটা ঘটনার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলেও দাবি তাঁর।

পোস্টে মগরাহাট পশ্চিমের বিধায়ক শামিম আহমেদের প্রসঙ্গও তুলেছেন অভিষেক। তাঁর দাবি, কথিত সাজানো মামলার নিরপেক্ষ তদন্ত চেয়ে শামিম কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন। গত ছয় মাসে পুলিশ তাঁকে একবারও তলব করেনি। অথচ বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলকে সমর্থন জানানোর পর থেকেই তাঁর বিরুদ্ধে পুলিশি তৎপরতা বেড়েছে বলে অভিযোগ সাংসদের। রাজনৈতিক অবস্থান বদলের পরেই কেন হঠাৎ একাধিক মামলায় জড়ানোর তৎপরতা শুরু হল, সেই প্রশ্নও তুলেছেন তিনি।

পোস্টের শেষাংশে রাজ্য পুলিশের একাংশ এবং বিজেপির কয়েকজন নেতার মধ্যে আঁতাতের অভিযোগ তুলেছেন অভিষেক। তাঁর বক্তব্য, অভিযোগগুলি সত্য প্রমাণিত হলে তা অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতির ইঙ্গিত দেবে। লোভনীয় পদে পোস্টিং, ব্যক্তিগত স্বার্থসিদ্ধি এবং তোলাবাজির উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার হচ্ছে কি না, তারও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন তিনি। এই প্রসঙ্গে অভিষেকের স্পষ্ট মন্তব্য, ‘পুলিশের উর্দি রাজনৈতিক প্রতিহিংসার লাইসেন্স নয়।’ নিম্ন আদালত এবং কলকাতা হাই কোর্টের কাছে সংশ্লিষ্ট থানার সিসিটিভি ফুটেজ, জেনারেল ডায়েরি, এফআইআর রেকর্ড, কেস ডায়েরি এবং অভিযুক্তদের হেফাজত ও স্থানান্তর সংক্রান্ত সমস্ত নথি অবিলম্বে সুরক্ষিত রাখার আবেদন জানিয়েছেন তিনি।

পোস্টের শেষেও আইনের ঊর্ধ্বে কেউ নন বলে উল্লেখ করেছেন অভিষেক। তাঁর দাবি, পদমর্যাদা কিংবা রাজনৈতিক পরিচয় যা-ই হোক, এই ঘটনায় কারও জড়িত থাকার প্রমাণ মিললে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য সামনে আনার দাবি জানিয়ে বিচারব্যবস্থার কাছে তাঁর প্রশ্ন, আইন কি সত্যকে রক্ষা করবে, নাকি সাজানো অভিযোগকে প্রশ্রয় দেবে?

উল্লেখ্য, বুধবার বিচারব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে অভিষেকের বিতর্কিত মন্তব্যের জেরে কলকাতা হাই কোর্টের বিচারপতি কৃষ্ণ রাও তাঁকে আদালত অবমাননার দায়ে শোকজ নোটিস পাঠান। ১৫ দিনের মধ্যে ওই নোটিসের জবাব দিতে বলা হয়েছে তৃণমূল সাংসদকে। তার পরের দিনই বিচারব্যবস্থার প্রতি আস্থা প্রকাশ করে গভীর রাতে এই দীর্ঘ পোস্ট করেন তিনি।

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।