Bengal Liberty : বিচারব্যবস্থার বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাই কোর্ট। তাঁর এক ঘনিষ্ঠ সহযোগীর রক্ষাকবচ না পাওয়ার পর বিচারব্যবস্থা সম্পর্কে অভিষেকের করা মন্তব্যের প্রসঙ্গ শুনানিতে তোলেন রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল। তাঁর বক্তব্য, একদিকে আদালতের রক্ষাকবচ চাইছেন অভিষেক, অন্য দিকে বিচারব্যবস্থার বিরুদ্ধে মন্তব্য করছেন। এই পরিস্থিতিতে রক্ষাকবচের মেয়াদ বাড়ানো উচিত কি না, সেই প্রশ্ন তোলেন তিনি।
আদালতের পর্যবেক্ষণ, কোনও মামলাকারী আদালতের বিরুদ্ধে মন্তব্য করলে তা অত্যন্ত বেদনাদায়ক। এমন মন্তব্য ইচ্ছাকৃত ও পরিকল্পিত আদালত অবমাননা না-ও হতে পারে, কিন্তু তা এড়ানো যেত। আদালতের নির্দেশে কেউ অসন্তুষ্ট হলে তাঁর উচ্চতর আদালতের দ্বারস্থ হওয়া উচিত বলেও মন্তব্য করে বেঞ্চ। একজন সাংসদ এই ধরনের মন্তব্য করলে তাঁর অনুগামীদের কাছে কী বার্তা যায়, সেই প্রশ্নও তোলে আদালত। তবে বিচারব্যবস্থার বিরুদ্ধে মন্তব্যের বিষয়টি এবং অন্তর্বর্তী রক্ষাকবচের আবেদন—দু’টি পৃথক বিষয় বলে পর্যবেক্ষণ আদালতের। উপযুক্ত পরিস্থিতি তৈরি হলে আদালত অবমাননার প্রক্রিয়া শুরু করা যেতে পারে বলেও জানান বিচারপতি সৌগত ভট্টাচার্য।
অভিষেকের তদন্তে অসহযোগিতার কোনও প্রমাণ রাজ্য দেখাতে পারেনি বলে জানায় আদালত। তদন্তের অগ্রগতি নিয়ে রিপোর্ট জমা দেওয়ার জন্য রাজ্যকে সময় দেওয়া হবে। অভিষেকের অন্তর্বর্তী রক্ষাকবচের মেয়াদ আপাতত আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত থাকবে।


