Jorabagan case
Bengal Liberty
নাবালিকাকে অপহরণ করে বিয়ে। জোরপূর্বক বাধ্য করায় মামলা দায়ের হল জোড়াবাগান থানায় (Jorabagan case)। পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন, নাবালিকার পিতা জোড়াবাগান থানার অন্তর্গত এলাকার বাসিন্দা দীপক শর্মা।

অভিযোগ অনুযায়ী, ১৯ জুলাই বিকেল প্রায় ৫টা নাগাদ আরমান আলম ও তার কয়েকজন সহযোগী ১৬ বছর বয়সি নাবালিকা কন্যাকে বৈধ অভিভাবকের হেফাজত থেকে অপহরণ করে। দীপকের অভিযোগ, জোর করে নাবালিকাকে বিয়ে করতে বাধ্য করার উদ্দেশ্যেই এই অপহরণ করা হয়। ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ৮৭/৩(৫) ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

অপহৃত নাবালিকা উদ্ধার
মামলা দায়েরের পর দ্রুত অভিযান চালিয়ে নাবালিকাকে উদ্ধার করা হয়। পাশাপাশি, FIR এ নাম থাকা মূল অভিযুক্ত আরমান আলমকে হাওড়ার ডোমজুড় থানার সালাপ মোড় এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

উদ্ধারের পর নাবালিকার শারীরিক পরীক্ষা করা হয় এবং তাঁর বয়ান রেকর্ড করা হয়। সেই বয়ানের ভিত্তিতে মামলায় পকসো আইনের ৪ নম্বর ধারাও যুক্ত করা হয়েছে। বর্তমানে BNS-এর ৮৭/৩(৫) ধারা এবং পকসো আইনের ৪ ধারায় ঘটনার তদন্ত চলছে। পুলিশ জানিয়েছে, নাবালিকার প্রয়োজনীয় মেডিক্যাল পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে এবং ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

