Weather Alert
Bengal Liberty : একটানা বৃষ্টি ও দুর্যোগের জেরে কার্যত ভিজছে গোটা বাংলা (Weather Alert)। দক্ষিণবঙ্গে তাপমাত্রা অনেকটাই কমে গিয়ে গরমের অস্বস্তি উধাও হয়েছে। তবে স্বস্তির খবর এখনই নেই। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে রাজ্যের একাধিক জেলায় ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই প্রয়োজন না হলে অযথা বাইরে না বেরনোই ভালো। আর বেরোতেই হলে সঙ্গে অবশ্যই ছাতা বা রেনকোট রাখার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা (Weather Alert)।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Alert)
শনিবার থেকে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির দাপট বাড়তে চলেছে। আলিপুর আবহাওয়া দফতরের বিশেষ বুলেটিন অনুযায়ী, ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই কারণে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা এবং বাঁকুড়া জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দিনের বিভিন্ন সময়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও দমকা হাওয়া বইতে পারে। ফলে রাস্তায় বেরোনোর আগে প্রয়োজনীয় সতর্কতা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Alert)
উত্তরবঙ্গেও আকাশ মেঘলা থাকবে এবং দিনের বিভিন্ন সময়ে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হতে পারে। যদিও শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবুও দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। তাই পাহাড় থেকে সমতল- উত্তরবঙ্গের বাসিন্দাদেরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সব মিলিয়ে, শনিবারও রাজ্যের অধিকাংশ জেলাতেই বর্ষার সক্রিয় প্রভাব বজায় থাকবে। কোথাও ভারী বৃষ্টি, কোথাও আবার দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বর্ষণ হতে পারে।

আরও পড়ুন :
Sheikh Hasina: শেখ হাসিনার প্রত্যাবর্তন মানেই নারী জাগরণের নতুন সূর্যোদয়

