Bengal Liberty : মুখ্যমন্ত্রী হওয়ার আগে থেকেই শিখ সম্প্রদায়ের সঙ্গে তাঁর নিবিড় সম্পর্ক। সেই সম্পর্কের টানেই গুরু নানক জয়ন্তীর সকালে প্রথমে বালির গুরুদ্বারে হাজির হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার পর ডানকুনিতেও যান তিনি। মঙ্গলবার গুরু নানক জয়ন্তী, রাস পূর্ণিমা ও দেব দীপাবলি-একই দিনে তিনটি ধর্মীয় অনুষ্ঠানের আবহে গুরুদ্বারে গিয়ে প্রার্থনায় অংশ নেন তিনি। পাশাপাশি শিখ সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবি মেনে গুরুদ্বার চত্বরে কমিউনিটি সেন্টার তৈরির আশ্বাস দেন। জানান, এ বার ব্যক্তিগত উদ্যোগে নয়, সরকারি ব্যবস্থাপনাতেই এই কাজ করা হবে। পাশাপাশি প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “বাংলায় হজ হাউজ হলে, গুরু নানকের নামে কেন ভবন তৈরি হবে না?”
শিখ সম্প্রদায়ের পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রীর
মঙ্গলবার সকালে বালির গুরু গোবিন্দ সিংজির গুরুদ্বারে পৌঁছন মুখ্যমন্ত্রী। সেখানে তাঁকে উত্তরীয় ও শিখ সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তলোয়ার দিয়ে স্বাগত জানান গুরুদ্বার কমিটির সদস্যেরা। এর পর গুরু নানকের বেদিতে সাষ্টাঙ্গে প্রণাম করেন শুভেন্দু। সকলের সঙ্গে বসে প্রার্থনাসঙ্গীত শোনার পাশাপাশি ধর্মীয় অনুষ্ঠানেও অংশ নেন তিনি। অনুষ্ঠান শেষে শিখ সম্প্রদায়ের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্কের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। জানান, মন্ত্রী বা মুখ্যমন্ত্রী হওয়ার আগে থেকেই এই সম্প্রদায়ের মানুষের সঙ্গে তাঁর আত্মীয়তার সম্পর্ক। তাঁর কথায়, “যখন আমি মন্ত্রী, মুখ্যমন্ত্রী কিছুই ছিলাম না, তখন থেকেই এঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক। ওঁরা আমাকে কাছে টেনে নিয়েছেন। আমার ক্ষমতা বা পদ কিছুই দেখেননি। সেই থেকেই আমার সঙ্গে ওঁদের নিবিড় সম্পর্ক।”
এর পর অতীতের স্মৃতিও তুলে ধরেন শুভেন্দু। জানান, এর আগেও গুরু নানকের জন্মজয়ন্তী তথা প্রকাশ পরব উপলক্ষে তিনি এই গুরুদ্বারে এসেছেন। গুরু নানকের ৩৫০তম জন্মবার্ষিকী উদ্যাপনের সময় শিখ সম্প্রদায়ের মানুষের জন্য বাসের ব্যবস্থাও করেছিলেন তিনি। এ দিন গুরুদ্বার চত্বরে কমিউনিটি সেন্টার তৈরির বিষয়টিতে বিশেষ গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী। জানান, গত বছরই এই বিষয়ে তাঁর কাছে আবেদন জানিয়েছিলেন গুরুদ্বার কমিটির সদস্যেরা। তখন তিনি মুখ্যমন্ত্রী পদে ছিলেন না। তা সত্ত্বেও ব্যক্তিগত উদ্যোগে কাজটি করে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। এ বার সেই প্রতিশ্রুতি পূরণে সরকারি উদ্যোগ নেওয়ার কথা জানালেন তিনি। শুভেন্দুর কথায়, “আজ কথা দিয়েছি, সরকারি উদ্যোগে করে দেব।”
আরও খবর
ডানকুনিতে গিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?
ডানকুনিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে গঙ্গাসাগর মেলায় সেবামূলক শিবিরের সঙ্গে ডানকুনির শিখ সম্প্রদায়ের মানুষকে যুক্ত করার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি গুরু নানকজির নামে কমিউনিটি হল তৈরিতে সরকারি সাহায্যের প্রতিশ্রুতিও দেন তিনি। শুভেন্দু প্রশ্ন তুলে বলেন, “বাংলায় হজ ভবন হতে পারলে গুরু নানকজির নামে ভবন কেন হতে পারবে না?” পাশাপাশি জাতীয় সড়কের সার্ভিস রোড সংক্রান্ত সমস্যা কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করির হস্তক্ষেপে মিটেছে বলেও জানান তিনি। শিখ সম্প্রদায়ের সঙ্গে ১০-১২ বছরের সম্পর্কের কথা তুলে ধরে বলেন, “এই সম্পর্ক পেয়ার-মহব্বতের। এই সমাজ কখনও বাধা দেয়নি।” বক্তব্যের শেষে শিখ সম্প্রদায়ের ঐতিহ্যবাহী স্লোগান ‘বোলে সো নিহাল, সৎ শ্রী আকাল’ উচ্চারণ করেন মুখ্যমন্ত্রী।


