Bengal Liberty : বীরভূমে পাথর ব্যবসায়ীকে ঘিরে তদন্তে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে (Tulu Mondal)। আর্থিক লেনদেন, বিপুল সম্পত্তি এবং নগদ অর্থের উৎস খতিয়ে দেখতে গিয়ে এবার টুলু মণ্ডলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আরও ৪২.৫ কোটি টাকা ফ্রিজ করেছে পুলিশ। এর ফলে এখনও পর্যন্ত তাঁর বিভিন্ন অ্যাকাউন্টে মোট ১৩৫.৫ কোটি টাকা ফ্রিজ করা হয়েছে। ইতিমধ্যেই তাঁর ভগ্নিপতি মিনার মণ্ডলের বাড়ি থেকে উদ্ধার হয়েছে সাড়ে ২৮ কোটি টাকা নগদ এবং প্রায় ১৫ কেজি সোনা। পাশাপাশি টুলু মণ্ডলের নামে থাকা ২৪২টি গাড়ি, ২টি পেট্রল পাম্প এবং ২১টি সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়েছে। গোটা ঘটনায় তদন্ত আরও গভীরে পৌঁছেছে বলে মনে করছে তদন্তকারী মহল (Tulu Mondal)।

তদন্ত আরও জোরদার করল পুলিশ (Tulu Mondal)
তদন্ত সূত্রে জানা গিয়েছে, মিনার মণ্ডল টুলু মণ্ডলের তুতো ভগ্নিপতি। প্রথমে বীরভূমের মহম্মদবাজার থানার পুলিশ মিনারের বাড়িতে তল্লাশি চালায়। প্রায় ২ দিন ধরে চলা সেই অভিযানে উদ্ধার হয় বিপুল পরিমাণ নগদ টাকা এবং সোনার বার। এরপর মিনারকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জানতে পারেন, উদ্ধার হওয়া বিপুল সম্পদের প্রকৃত মালিক টুলু মণ্ডল। তদন্তকারীদের দাবি, তৃণমূল শাসনকালে বীরভূম জেলায় টুলু মণ্ডল প্রভাবশালী ব্যবসায়ী হিসেবে নিজের বিস্তৃত নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন। সেই সূত্র ধরেই তাঁর আর্থিক লেনদেন, ব্যবসায়িক যোগসূত্র এবং সম্পদের উৎস খতিয়ে দেখা হচ্ছে।

ইতিমধ্যেই টুলু মণ্ডলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মোট ১৩৫.৫ কোটি টাকা ফ্রিজ করা হয়েছে। এর মধ্যে শনিবার নতুন করে ৪২.৫ কোটি টাকা ফ্রিজ করা হয়েছে বলে তদন্তকারী সূত্রে খবর। শুধু টুলু মণ্ডল বা মিনার মণ্ডল নন, তদন্তের স্বার্থে টুলুর দাদা, তাঁর একটি পেট্রল পাম্পের ম্যানেজার এবং একাধিক ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে। শনিবারও মিনার মণ্ডলের বাড়িতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। তদন্তকারীদের অনুমান, এই মামলায় আরও গুরুত্বপূর্ণ তথ্য এবং নথি সামনে আসতে পারে।
আরও খবর
আরও পড়ুন :
https://bengalliberty.com/2026/07/31/cm-suvendu-adhikari-105/


