Bengal Liberty:
ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে ডেটিং অ্যাপ—একাধিক সমাজমাধ্যমকে হাতিয়ার করে যুব সমাজকে টার্গেট করছিল পাকিস্তানের শাহজাদ ভাট্টি গ্রুপ (Pakistan ISI)। তদন্তকারী সূত্রে খবর, প্রথমে ভুয়ো বা ভিন্ন পরিচয়ে তরুণদের সঙ্গে যোগাযোগ করা হত। এরপর বন্ধুত্বের ফাঁদ পেতে তাঁদের আস্থাভাজন হয়ে ওঠার চেষ্টা চলত। তারপর ধীরে ধীরে শুরু হত মগজধোলাই। কখনও মোটা টাকার প্রলোভন, কখনও কট্টরপন্থী ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগিয়ে, আবার কখনও ব্ল্যাকমেইল করে টাকা আদায়ের চেষ্টা করা হত। পাশাপাশি, তাঁদের নাশকতামূলক কর্মকাণ্ডে যুক্ত করারও চেষ্টা চলত।

তদন্তকারী সংস্থার দাবি, সীমান্ত পেরিয়ে সরাসরি জঙ্গি অনুপ্রবেশের পুরনো কৌশল বদলে ফেলা হয়েছে। গত কয়েক বছর ধরে পাকিস্তানের ISI এবং বিভিন্ন জঙ্গি সংগঠন ভার্চুয়াল মাধ্যমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। ভারতীয় যুব সমাজকেই তারা মূল টার্গেট হিসেবে বেছে নিয়েছে। সেই মডিউলেরই অন্যতম নাম শাহজাদ ভাট্টি গ্রুপ।
এই গ্রুপের অন্যতম সদস্য হামিম মণ্ডলকে বৃহস্পতিবার বর্ধমানের রেনেসাঁ টাউনশিপ থেকে গ্রেফতার করেছে STF। একইসঙ্গে ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করা হয়েছে তাঁর বান্ধবী অর্পিতা সরকারকে। গোয়েন্দা সূত্রের অনুমান, হামিম নিজেও একাধিক তরুণকে এই মডিউলে যুক্ত করার চেষ্টা করেছিল।
আরও খবর

কে এই শাহজাদ ভাট্টি? Pakistan ISI
তদন্তকারীদের দাবি, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বাসিন্দা শাহজাদ ভাট্টি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং কুখ্যাত অপরাধী। তাঁর সঙ্গে পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI এবং বিভিন্ন জঙ্গি সংগঠনের যোগাযোগ ছিল বলে অভিযোগ। গোয়েন্দাদের দাবি, শাহজাদ নিজের নেটওয়ার্কের মাধ্যমে ভারতীয় তরুণ-তরুণীদের সঙ্গে যোগাযোগ গড়ে তুলত। পরে তাঁদের বিভিন্ন বেআইনি কাজে ব্যবহার করার চেষ্টা করা হত। বেশির ভাগ ক্ষেত্রে ব্যবসায়ীদেরই টার্গেট করা হত।

সমাজমাধ্যমে বন্ধুত্বের ‘ট্র্যাপ’
হামিম ও অর্পিতাদের সঙ্গে যোগাযোগের জন্য ব্যবহার করা হয়েছিল ইনস্টাগ্রাম, ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ-সহ একাধিক জনপ্রিয় সমাজমাধ্যম। পাশাপাশি, টেলিগ্রাম, এলিমেন্ট এক্স-এর মতো এনক্রিপটেড চ্যাটিং অ্যাপও ব্যবহার করা হত বলে জানিয়েছেন তদন্তকারীরা। প্রথমে পরিচয়, তারপর বন্ধুত্ব এবং ধীরে ধীরে বিশ্বাস অর্জন—এই পদ্ধতিতেই তরুণদের কাছে পৌঁছনো হত। এরপর তাঁদের সামনে রাখা হত অর্থের প্রলোভন। অন্যদিকে, নির্দিষ্ট ক্ষেত্রে কট্টরপন্থী মতাদর্শের মাধ্যমে মগজধোলাই করে নাশকতামূলক কর্মকাণ্ডে যুক্ত করার চেষ্টা করা হত।

টেরর ফান্ডিং থেকে রেকি
সূত্রের খবর, এই নেটওয়ার্কের মাধ্যমে টেরর ফান্ডিং, নাশকতার পরিকল্পনা, রেকি, নিরাপত্তা-সংক্রান্ত তথ্য সংগ্রহ এবং স্লিপার সেল হিসেবে কাজ করানোর মতো বিভিন্ন দায়িত্ব ভারতীয় তরুণদের দেওয়া হত। অনেক ক্ষেত্রেই তাঁদের সরাসরি কোনও জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ করানো হত না। ভার্চুয়াল মাধ্যমেই নির্দেশ পৌঁছে দেওয়া হত বলে তদন্তকারীদের অনুমান। হামিম মণ্ডল নিজেও একাধিক তরুণকে এই নেটওয়ার্কে যুক্ত করার চেষ্টা করেছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের আশঙ্কা, পশ্চিমবঙ্গের পাশাপাশি দেশের আরও কয়েকটি রাজ্যে এই মডিউলের নেটওয়ার্ক ছড়িয়ে থাকতে পারে।
একাধিক রাজ্যে নেটওয়ার্কের সন্ধান
ইতিমধ্যেই পাঞ্জাব, হরিয়ানা, অসম, দিল্লি, উত্তরপ্রদেশ এবং তামিলনাড়ুসহ একাধিক রাজ্যে শাহজাদ ভাট্টি গ্রুপের নেটওয়ার্কের সূত্র মিলেছে। বিভিন্ন রাজ্যের STF-এর পাশাপাশি গোটা ঘটনার তদন্তে যুক্ত রয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা NIA।
বর্ধমান থেকে হামিম মণ্ডল গ্রেফতার হওয়ার পর এখন তদন্তকারীদের নজর তাঁর যোগাযোগের তালিকায়। তিনি কার কার সঙ্গে যোগাযোগ রাখতেন, কাদের এই মডিউলে যুক্ত করার চেষ্টা হয়েছিল এবং এই নেটওয়ার্কের সঙ্গে আর কারা জড়িত—সেই তথ্য খুঁজে বের করাই এখন তদন্তের অন্যতম প্রধান লক্ষ্য।


