Bengal Liberty : রায়গঞ্জে দুর্ঘটনার কবলে পড়ল স্বাস্থ্য মন্ত্রকের গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা মারে গাড়িটি। দুর্ঘটনায় তিন জন আধিকারিকের পাশাপাশি চালকও আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের উদ্ধার করে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে এক আধিকারিকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য কলকাতায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ রায়গঞ্জের পথে যাচ্ছিল স্বাস্থ্য মন্ত্রকের ওই গাড়ি। গাড়িতে তিন জন আধিকারিক এবং চালক ছিলেন। আচমকাই চালক নিয়ন্ত্রণ হারালে রাস্তার ধারে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লাগে গাড়িটির। সংঘর্ষের বিকট শব্দে আশপাশের বাসিন্দারা ছুটে আসেন। তাঁরাই দ্রুত গাড়ির ভিতর থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
জানা গিয়েছে, আহতদের মধ্যে রয়েছেন রাজ্যের স্বাস্থ্য বিভাগের অ্যাসিস্ট্যান্ট জেনারেল। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে রায়গঞ্জ হাসপাতাল থেকে কলকাতায় স্থানান্তরিত করা হচ্ছে। অ্যাম্বুল্যান্সে করে তাঁকে বাগডোগরা নিয়ে যাওয়া হবে। সেখান থেকে বিমানে কলকাতায় এনে চিকিৎসার ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
আরও খবর
উল্লেখ্য, উত্তরবঙ্গের বিভিন্ন জেলার হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রের পরিকাঠামো খতিয়ে দেখতে দিল্লি থেকে স্বাস্থ্য মন্ত্রকের একটি প্রতিনিধি দল এসেছিল। সেই প্রতিনিধি দলের সঙ্গে রাজ্যের প্রতিনিধি হিসেবে ছিলেন স্বাস্থ্য বিভাগের অ্যাসিস্ট্যান্ট জেনারেল। দুর্ঘটনার ভয়াবহতা এতটাই বেশি ছিল যে গাড়ির সামনের অংশ একেবারেই দুমড়ে মুছড়ে গিয়েছে। গাড়িটি উদ্ধার করেছে পুলিশ। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।


