Bengal Liberty
বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির (PAC) চেয়ারম্যান কে হবেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। বিধানসভায় তৃণমূলের বিধায়কদের দুই শিবিরের মধ্যে টানাপোড়েনের আবহেই এই গুরুত্বপূর্ণ পদ নিয়ে জোর চর্চা চলছে। সূত্রের খবর, চলতি সপ্তাহেই PAC চেয়ারম্যানের নাম ঘোষণা হতে পারে।(PAC Chairman)
PAC চেয়ারম্যান নির্বাচিত হলেই রাজ্য বিধানসভায় কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (CAG)-এর রিপোর্ট নিয়ে আলোচনা শুরু হবে। নিয়ম অনুযায়ী, PAC চেয়ারম্যানই CAG-এর রিপোর্টের ভিত্তিতে সরকারকে প্রয়োজনীয় ব্যাখ্যা ও আলোচনার জন্য নির্দেশ দেন। এরপরই বিধানসভায় ওই রিপোর্ট নিয়ে আলোচনা হয়।
আরও খবর

সম্ভাব্য বিধায়কের তালিকা
সূত্রের খবর, এই পদের সম্ভাব্য দাবিদার হিসেবে মালদহের রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের নাম উঠে এসেছে। বর্ষীয়ান এই বিধায়ক বিধানসভার পরিষদীয় রীতিনীতি সম্পর্কে অত্যন্ত অভিজ্ঞ। বিধানসভার অন্দরে তাঁর কাজের প্রশংসাও করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সৎ ও অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবেও তাঁর পরিচিতি রয়েছে।

এ ছাড়াও সম্ভাব্যদের তালিকায় রয়েছেন ইসলামপুরের বিধায়ক কানাইয়ালাল আগরওয়াল। দীর্ঘদিন ধরেই উত্তরবঙ্গের প্রতি বঞ্চনার অভিযোগ তুলে আসছে বিজেপি। সেই প্রেক্ষাপটে উত্তরবঙ্গের কোনও বিধায়ককে বিধানসভার এই গুরুত্বপূর্ণ সাংবিধানিক কমিটির দায়িত্ব দেওয়া হতে পারে বলেও রাজনৈতিক মহলে জল্পনা রয়েছে।
উল্লেখ্য, বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানের পদটি প্রচলিত রীতি অনুযায়ী প্রধান বিরোধী দলের কোনও বিধায়কের জন্য বরাদ্দ থাকে। এবারও সেই প্রথা বজায় থাকবে বলেই মনে করা হচ্ছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে একাধিকবার এই রীতি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। কংগ্রেস বা বিজেপির প্রতীকে নির্বাচিত হয়ে পরে তৃণমূলে যোগ দেওয়া কয়েকজন বিধায়ককে PAC চেয়ারম্যান করা হয়েছিল। সেই সিদ্ধান্ত নিয়ে বিরোধীরা একাধিকবার প্রশ্ন তুলেছিল।
এখন নজর, শেষ পর্যন্ত বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হিসেবে কাকে বেছে নেওয়া হয়।


