Bengal Liberty
ঝাড়খণ্ডের নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী তথা জোটসঙ্গী হেমন্ত সোরেনকে চিঠি লিখেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। চিঠিতে তিনি পড়ুয়াদের দাবিগুলিকে যৌক্তিক বলে উল্লেখ করেছেন। অবিলম্বে তাদের ক্ষোভ প্রশমনের আর্জি জানিয়েছেন রাহুল। বিরোধী দলনেতার দাবি, ঝাড়খণ্ডের পড়ুয়াদের আন্দোলন শান্তিপূর্ণ এবং তাঁদের দাবিগুলিও যথাযথ।

হেমন্তকে রাহুলের বার্তা
১৪ অগস্ট হেমন্ত সোরেনকে চিঠি দিয়ে রাহুল জানিয়েছেন, “ভারতের সংবিধানে স্বীকৃত শান্তিপূর্ণ প্রতিবাদ করার অধিকার আমাদের গণতন্ত্রের অন্যতম প্রধান স্তম্ভ।” গত কয়েক মাস ধরে প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা ব্যবস্থায় অনিয়মের বিরুদ্ধে আন্দোলনরত পড়ুয়াদের প্রতি কংগ্রেস পূর্ণ সমর্থন রয়েছে বলে জানিয়েছেন তিনি। রাহুলের অভিযোগ, “ভারতের শিক্ষা ব্যবস্থা আরএসএস এবং বিজেপির নিয়ন্ত্রণে যাওয়ায় পড়ুয়াদের শোষণ ও নিপীড়নের হাতিয়ার হয়েছে। আগের মতো জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা বর্তমানে আর নেই বলে দাবি বিরোধী দলনেতার।”
আরও খবর
ঝাড়খণ্ডের নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে পড়ুয়াদের আন্দোলনের প্রসঙ্গ তুলে রাহুল বলেন, তাঁদের আন্দোলন শান্তিপূর্ণ এবং দাবিগুলিও যথাযথ। মুখ্যমন্ত্রীর উদ্যোগে গঠিত কমিটির মাধ্যমে ঝাড়খণ্ড সরকার পড়ুয়াদের সঙ্গে আলোচনা শুরু করায় তিনি প্রশংসা করেন। তাঁর মতে, পড়ুয়াদের উত্থাপিত বেশ কয়েকটি দাবির বিষয়ে সরকারেরও সহমত রয়েছে। কিন্তু তারপরও আন্দোলন অব্যাহত রয়েছে এবং কয়েকজন পড়ুয়া অনির্দিষ্টকালের জন্য অনশন করছেন।

নিয়োগ পরীক্ষায় অনিয়ম
রাহুল গান্ধী হেমন্ত সোরেনকে অনুরোধ জানিয়েছেন, ব্যক্তিগতভাবে আন্দোলনরত পড়ুয়াদের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করার কথা। তাঁর মতে, মুখ্যমন্ত্রীর সরাসরি সাক্ষাৎ হলে পড়ুয়াদের বাকি সমস্যাগুলি সমাধানের পথ প্রসারিত হবে। রাহুল বলেন, “ভারতের যুবসমাজই দেশের ভবিষ্যৎ।” এই সংকটের মুহূর্তে পড়ুয়াদের পাশে দাঁড়ানো এবং তাঁদের প্রতি সংহতি ও সমর্থন জানানো প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

চিঠির শেষে মুখ্যমন্ত্রীর কাছে আন্দোলনরত পড়ুয়াদের বক্তব্য শোনা এবং সমস্যার সমাধানে যথাযথ পদক্ষেপ করার আবেদন জানিয়েছেন কংগ্রেস নেতা।


