Bengal Liberty
পরীক্ষায় ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এবং তার জেরে টানা ছাত্র আন্দোলনের মুখে বড় সিদ্ধান্ত নিল ঝাড়খণ্ড সরকার (Hemant Soren)। সোমবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ঘোষণা করেন, ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল (JSSC-CGL) পরীক্ষা-সহ TDPL-এর মাধ্যমে পরিচালিত সমস্ত নিয়োগ পরীক্ষা এবং প্রকাশিত ফলাফল বাতিল করা হচ্ছে। শুধু সাম্প্রতিক পরীক্ষাই নয়, ২০১৪ সাল থেকে TDPL-এর মাধ্যমে নেওয়া সমস্ত পরীক্ষায় দুর্নীতি বা অনিয়মের অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করবে রাজ্য পুলিশ বা CID। পাশাপাশি, গোটা ঘটনা আলাদাভাবে খতিয়ে দেখতে একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে উচ্চপর্যায়ের তদন্ত কমিটিও গঠন করা হবে।

২০১৪ থেকে তদন্ত Hemant Soren
গত ২৪ দিন ধরে পরীক্ষা ও নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে আন্দোলন চালিয়ে আসছিলেন পরীক্ষার্থী ও ছাত্রছাত্রীরা। সরকারের গঠিত মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে আন্দোলনকারী ছাত্রনেতাদের একাধিক দফায় বৈঠক হলেও জট কাটেনি। এরপরই সোমবার সাংবাদিক সম্মেলন করে পরীক্ষা বাতিল ও তদন্তের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। হেমন্ত সোরেন বলেন, TDPL-এর মাধ্যমে পরিচালিত সমস্ত পরীক্ষা ও প্রকাশিত ফলাফল বাতিল বলে গণ্য হবে। আন্দোলনকারী শিক্ষার্থীদের ক্ষোভ ও উদ্বেগের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে দেখছে এবং তাঁদের অভিযোগের সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলেও জানান তিনি।
মুখ্যমন্ত্রীর দাবি, প্রাথমিক তদন্তে CID এবং বিশেষ তদন্তকারী দল (SIT) পরীক্ষা প্রক্রিয়ায় জালিয়াতি ও অনিয়মের একাধিক তথ্যপ্রমাণ পেয়েছে। অভিযোগের ভিত্তিতে JSSC-এর মাধ্যমে চাকরি পাওয়া কয়েকজন বহিরাগত ও কর্মীকেও ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি। সেই কারণেই ২০১৪ সাল থেকে TDPL-এর মাধ্যমে নেওয়া সমস্ত পরীক্ষাকে তদন্তের আওতায় আনা হচ্ছে।
আরও খবর

ছাত্রদের দাবিতে সাড়া
পরীক্ষা ব্যবস্থার ত্রুটির কথাও স্বীকার করেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, পরীক্ষা পরিচালনার জন্য নির্দিষ্ট SOP ও নিয়মনীতি থাকা সত্ত্বেও সাম্প্রতিক পরীক্ষাগুলিতে তা যথাযথভাবে অনুসরণ করা হয়নি। এর ফলেই বড় ধরনের অনিয়ম সামনে এসেছে। প্রশ্নপত্র ফাঁস রুখতে ইতিমধ্যে কঠোর আইন আনা হয়েছে এবং ভবিষ্যতে পরীক্ষা ব্যবস্থায় আরও স্বচ্ছতা আনার জন্য সংস্কার করা হবে বলেও জানান তিনি।শিক্ষার্থীদের অভিযোগ সরাসরি শোনার জন্য একটি বিশেষ অনলাইন পোর্টাল চালু করার কথাও জানিয়েছে রাজ্য সরকার। সেখানে পরীক্ষার্থী ও ছাত্রছাত্রীরা তাঁদের অভিযোগ জানাতে পারবেন। বিশেষজ্ঞদের একটি দল সেই অভিযোগগুলি পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
এদিকে, ঝাড়খণ্ডের পরীক্ষা ও নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ফেরাতে গোটা ব্যবস্থার পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রক্রিয়ার দায়িত্ব দেওয়া হয়েছে প্রবীণ আধিকারিক অমিতাভ কৌশলকে। সরকারের এই পদক্ষেপের মাধ্যমে পরীক্ষার্থীদের আস্থা ফেরানো এবং ভবিষ্যতে নিয়োগ পরীক্ষায় অনিয়ম রোধ করাই লক্ষ্য বলে জানানো হয়েছে।


