Bengal Liberty: দুর্গাপুজোর প্যান্ডেল বাঁধার কাজ করতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারালেন এক ব্যক্তি। বৃহস্পতিবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবড়ার ফুলতলা এলাকায়। মৃতের নাম সুব্রত দাস (৬৪)। তাঁর বাড়ি গোবরডাঙা থানা এলাকার অন্তর্গত মসলন্দপুরের রানিডাঙায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ফুলতলা এলাকায় দুর্গাপুজোর প্যান্ডেল তৈরির জন্য বাঁশ বাঁধার কাজ করছিলেন সুব্রত দাস। সেই সময় আচমকাই আকাশ কালো করে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মধ্যেই বিকট শব্দে বজ্রপাত ঘটে। বজ্রপাতের অভিঘাতে গুরুতর আহত হয়ে লুটিয়ে পড়েন সুব্রত।
ঘটনার পরই স্থানীয়রা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে কাছের একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁকে মসলন্দপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে বজ্রপাতেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।
আরও খবর
পুজোর আর বেশি দেরি নেই। তার আগে প্যান্ডেল তৈরির কাজে ব্যস্ত ছিলেন উদ্যোক্তা ও শ্রমিকরা। এরই মধ্যে এমন আকস্মিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ৬৪ বছর বয়সি সুব্রত দাসের মৃত্যুতে শোকস্তব্ধ স্থানীয় বাসিন্দারা। পুজোর আনন্দের প্রস্তুতির মধ্যেই এমন বিপর্যয়ে ভেঙে পড়েছেন তাঁর পরিবারের সদস্যরাও।
মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাবরা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
বর্ষার শেষেও আবহাওয়ার খামখেয়ালিপনায় হঠাৎ বজ্রসহ বৃষ্টির ঘটনা ঘটছে। বিশেষজ্ঞদের মতে, বজ্রসহ বৃষ্টির সময় খোলা জায়গায় বা উঁচু স্থানে কাজ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই আবহাওয়ার পূর্বাভাস মেনে সতর্কতা অবলম্বন করা জরুরি।


