Bengal Liberty:
দুর্গাপুজোর বাকি আর মাত্র ৪০ দিন। হাতেগোনা কয়েকটা দিন পরেই শহরজুড়ে বাজবে পুজোর ঢাক। নতুন জামাকাপড়, পরিবারের সঙ্গে ঘোরাঘুরি আর একের পর এক প্যান্ডেলে লাইন দিয়ে ঠাকুর দেখা—বাঙালির এই চেনা পুজোর উন্মাদনাই যেন এখন থেকেই টের পাওয়া যাচ্ছে। কিন্তু পুজোর ভিড়ে নিজের এলাকার কোন রাস্তায় কোন মণ্ডপ, কোথায় কী থিম—কোনও পুজো যাতে বাদ না যায়, তারই ব্যবস্থা করল খড়্গপুর প্রশাসন।

কিউআর কোডে পুজোর ঠিকানা (Puja Guide Map)
রবিবার খড়্গপুর আইআইটির নেতাজি ইন্ডোর অডিটোরিয়ামে উদ্বোধন হল খড়্গপুর শহরের পুজো গাইড ম্যাপ। একইসঙ্গে পুলিশ, প্রশাসন ও পুজো কমিটিগুলিকে নিয়ে হয় সমন্বয় বৈঠক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী তথা খড়্গপুরের বিধায়ক দিলীপ ঘোষ, জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা, মহকুমাশাসক জ্যোতি ঘোষ-সহ প্রশাসনের আধিকারিকরা।
আরও খবর
দর্শনার্থীদের সুবিধার কথা মাথায় রেখে এবার চালু করা হল কিউআর কোড যুক্ত ই-গাইড ম্যাপ। মোবাইলে কিউআর কোড স্ক্যান করলেই মিলবে পুজোর রোডম্যাপ। কোন রাস্তায় কোন পুজো, কোথায় কী মণ্ডপ, কোন পুজোর কী থিম—এই সংক্রান্ত তথ্য সহজেই জানতে পারবেন দর্শনার্থীরা। ফলে পুজোর ভিড়ের মধ্যেও পরিকল্পনা করে একাধিক মণ্ডপ ঘোরা সম্ভব হবে।

নিরাপত্তায় নতুন নজির (Puja Guide Map)
শুধু পুজো পরিক্রমা নয়, নিরাপত্তাতেও বিশেষ নজর দিয়েছে জেলা পুলিশ। প্রবীণ দর্শনার্থীদের জন্য চালু হয়েছে ‘প্রত্যাশা হেল্পলাইন’ (৯১৪৭০৭৯৩৮৫)। ভিড়ে শিশুদের নিরাপত্তায় ‘চিলড্রেন আইডেন্টিটি কার্ড’ এবং জিপিএস-ভিত্তিক নজরদারি ব্যবস্থা ‘সুরক্ষা’-রও উদ্বোধন হয়েছে। এদিন ‘ফিরে পাওয়া’ অ্যাপের মাধ্যমে প্রতারণার শিকার পাঁচজনের হাতে প্রায় ২০ লক্ষ টাকা ফিরিয়ে দেয় খড়্গপুর টাউন থানা।
দিলীপ ঘোষ জানান, দুর্গাপুজোকে নিরাপদ ও পরিবেশবান্ধব করে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্লাস্টিক বর্জ্য ও পুজোর জৈব সামগ্রী যাতে যত্রতত্র বা জলাশয়ে না ফেলা হয়, সেদিকেও নজর থাকবে প্রশাসনের।

আরও পড়ুনঃ রুদ্ধশ্বাস ম্যাচ, তবু জয় অধরা ম্যানচেস্টার ইউনাইটেডের!


