Bengaluru FC Vs SC Delhi Review
Bengaluru FC Vs SC Delhi Review

প্রথম ম্যাচেই গোলের বন্যা, রুদ্ধশ্বাস লড়াইয়ে ঘরের মাঠে জয়ী বেঙ্গালুরু এফসি

Bengal Liberty : দীর্ঘ টালবাহানার পর অবশেষে মহালয়ার শুভলগ্নে সূচনা হল ইন্ডিয়ান সুপার লিগের (ISL)। শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসির মুখোমুখি হয়েছিল এসসি দিল্লি। ঘরের মাঠে নতুন মরশুমের উন্মাদনা, সঙ্গে দর্শকদের তীব্র উত্তেজনা—সব মিলিয়ে জমজমাট আবহেই শুরু হল আইএসএল। আর প্রথম ম্যাচেই ঘরের মাঠে রুদ্ধশ্বাস জয় তুলে নিল বেঙ্গালুরু এফসি। ৩-২ গোলের ব্যবধানে অসাধারণ জয় ছিনিয়ে নিল রায়ান উইলিয়ামসের দল। ম্যাচের প্রতিটি মুহূর্তে দিল্লির তরফ থেকেও জোর টক্কর দেওয়া হলেও শেষ পর্যন্ত তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ল বেঙ্গালুরু এফসি। ম্যাচ শুরুর অনেক আগে থেকেই স্টেডিয়ামজুড়ে দেখা গিয়েছিল নীল রঙের সমুদ্র। দর্শকদের উচ্ছ্বাসের মধ্য দিয়ে নতুন রূপে আত্মপ্রকাশ করল এমজি ইন্ডিয়ান সুপার লিগ।

প্রথমার্ধের জমজমাট লড়াই

ম্যাচের শুরু থেকেই দুই দলকে আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায়। প্রতিটি মুহূর্তে একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা করেছে দুই পক্ষই। ড্রয়ের লক্ষ্য নিয়ে কোনও দলই এ দিন মাঠে নামেনি, দুই দলের খেলোয়াড়দের শরীরী ভাষাতেই তা স্পষ্ট হয়ে গিয়েছিল।২২ মিনিটে বরজারের দুর্দান্ত গোলে এগিয়ে যায় বেঙ্গালুরু এফসি। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ২৬ মিনিটেই রদ্রিগুইনহোর গোলে সমতা ফেরায় এসসি দিল্লি। ১-১ গোলের স্কোরলাইনে রীতিমতো জমে ওঠে ম্যাচ। এরপর ৩২ মিনিটে কচের আত্মঘাতী গোলে এগিয়ে যায় দিল্লি। প্রথমার্ধের শেষে ২-১ গোলের ব্যবধানে এগিয়ে থেকেই মাঠ ছাড়ে এসসি দিল্লি।

২-১ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মাঠে নামে বেঙ্গালুরু এফসি। দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। দিল্লির রক্ষণভাগকে ক্রমাগত চাপে রাখতে থাকে বেঙ্গালুরু।এরপর ৭৫ মিনিটে বরজারের দ্বিতীয় গোলেই সমতা ফেরায় বেঙ্গালুরু এফসি। ২-২ গোলের স্কোরলাইনের পর ম্যাচের উত্তেজনা আরও বেড়ে যায়। দুই দলই জয়সূচক গোলের সন্ধানে মরিয়া হয়ে ওঠে।অবশেষে ৮৯ মিনিটে কচের দুর্দান্ত হেড থেকে আসে জয়সূচক গোল।

Bengaluru FC Vs SC Delhi Review
Bengaluru FC Vs SC Delhi Review

আর সেই গোলের সৌজন্যেই রুদ্ধশ্বাস লড়াইয়ে জয় তুলে নেয় বেঙ্গালুরু এফসি। প্রথমার্ধে আত্মঘাতী গোল করে দলকে বিপাকে ফেললেও দ্বিতীয়ার্ধে জয়সূচক গোল করে নিজের ভুল অনেকটাই শুধরে নেন কচ। শেষ পর্যন্ত ৩-২ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বেঙ্গালুরু।আগামী ১৭ অক্টোবর চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে মাঠে নামবে বেঙ্গালুরু এফসি। পরের ম্যাচেও কি জয়ের ধারা বজায় রাখতে পারবে তারা? নাকি প্রতিযোগিতার শুরুতেই ছন্দপতন হবে? উত্তর মিলবে মাঠের লড়াইয়েই।

Pushpak Bhattacharya
Pushpak Bhattacharya

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।