Carlos Tevez Farewell Match
Carlos Tevez Farewell Match

২০ ডিসেম্বর তেভেজের বিদায়ী ম্যাচ! একই মাঠে মেসি-রোনাল্ডো? ফুটবল বিশ্বে ফের এক মহামিলনের সম্ভাবনা!

Bengal Liberty : ফুটবলপ্রেমীদের জন্য আসতে চলেছে এক বিশেষ মুহূর্ত! দীর্ঘদিনের ফুটবল কেরিয়ারের ইতি টেনে বিদায়ী ম্যাচে মাঠে নামতে চলেছেন আর্জেন্টিনার প্রাক্তন তারকা ফুটবলার কার্লোস তেভেজ। আগামী ২০ ডিসেম্বর আয়োজন করা হতে পারে তাঁর বিদায়ী ম্যাচ। আর সেই ম্যাচকে ঘিরেই ফুটবল বিশ্বে শুরু হয়েছে নতুন করে জল্পনা।

সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে একই ম্যাচে দেখার সম্ভাবনা। ইতিমধ্যেই মেসির অংশগ্রহণ নিশ্চিত করেছেন আয়োজকেরা। ফলে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ককে আবারও বিশেষ এক ম্যাচে দেখতে পাবেন ফুটবলপ্রেমীরা। অন্যদিকে, পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর অংশগ্রহণ এখনও নিশ্চিত হয়নি। তবে তাঁকে এই ম্যাচে আমন্ত্রণ জানানো হয়েছে।

উল্লেখ্য, তেভেজ নিজেই চাইছেন মেসি ও রোনাল্ডোকে একই দলের হয়ে খেলাতে। এমনটা বাস্তবায়িত হলে ফুটবল ইতিহাসে তৈরি হতে পারে এক বিরল মুহূর্ত। কারণ দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে বিশ্ব ফুটবলে রাজত্ব করা এই দুই মহাতারকাকে একই দলের জার্সিতে খেলতে দেখার সুযোগ এখনও মেলেনি।

২০ ডিসেম্বর বুয়েনস আইরেসের বিখ্যাত বোকা জুনিয়র্সের মাঠ লা বোম্বোনেরায় আয়োজিত হবে এই বিশেষ ম্যাচ। ইতিমধ্যেই এই অনুষ্ঠানে অংশগ্রহণের কথা জানিয়েছেন রিও ফার্দিনান্দ, সার্জিও আগুয়েরো, লিয়ান্দ্রো পারেদেস, জিয়ানলুইজি বুফোঁ এবং মার্টিন পালার্মোর মতো তারকারা।

প্রসঙ্গত, আর্জেন্টিনার জার্সিতে মেসির সঙ্গে খেলেছেন তেভেজ। অন্যদিকে, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সতীর্থ ছিলেন তিনি। ২০২২ সালে পেশাদার ফুটবলকে বিদায় জানিয়েছিলেন তেভেজ। এবার তাঁর বিদায়ী অনুষ্ঠানে মেসি-রোনাল্ডোর সম্ভাব্য পুনর্মিলন ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে। এখন দেখার, শেষ পর্যন্ত রোনাল্ডোও এই আমন্ত্রণে সাড়া দেন কি না!

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।