Weather Alert
Weather Alert

পুজোয় বৃষ্টির ভ্রুকুটি? নিম্নচাপ তৈরি হলেও বাংলায় ভারী বৃষ্টির আশঙ্কা নেই

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। তবে বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত আকাশ মূলত মেঘলা থাকার পাশাপাশি কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। তবে আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।

রবিবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা কমতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে আবারও শুষ্ক আবহাওয়া ফিরে আসার সম্ভাবনা রয়েছে। ফলে পুজোর প্রস্তুতিতে বৃষ্টির কারণে বড়সড় বিঘ্ন ঘটার আশঙ্কা আপাতত কম।

Weather Alert
Weather Alert

দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও আগামী কয়েক দিন মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রাজ্যে বর্ষা বিদায়ের অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে। তবে সপ্তাহের শেষ দিকে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

শুক্রবার ও শনিবার দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি হতে পারে। যদিও এই বৃষ্টির সম্ভাবনা সামান্য বলেই পূর্বাভাসে ইঙ্গিত দেওয়া হয়েছে। আপাতত উত্তরবঙ্গের অন্য জেলাগুলিতে উল্লেখযোগ্য বৃষ্টির আশঙ্কা নেই।

Deepshika Mondal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।