BJP MLA
BJP MLA

রাজনীতির ঊর্ধ্বে সৌজন্য! আক্রান্ত বাম নেতার বাড়িতে বিজেপি বিধায়ক

Bengal Liberty : একদিকে রাজনৈতিক সংঘাত, অন্যদিকে সৌজন্যের নজির। আক্রান্ত সিপিএম নেতা দেবাশীষ রক্ষিত ওরফে ববির শারীরিক অবস্থার খোঁজ নিতে তাঁর বাড়িতে হাজির হলেন বীজপুরের বিজেপি বিধায়ক সুদীপ্ত দাস। শুক্রবার তাঁর এই পদক্ষেপ ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে একাধিক দাবিতে স্মারকলিপি প্রদান কর্মসূচির আয়োজন করেছিল সিপিএমের কাঁচরাপাড়া এরিয়া কমিটি। কাঁচরাপাড়ার দ্বারভাঙা কলোনিতে জমায়েত হয়েছিলেন সিপিএমের কর্মী-সমর্থকেরা। অভিযোগ, সেই সময় স্থানীয় অটো ও টোটোচালকেরা বিক্ষোভকারীদের পথ আটকান। তা নিয়ে দু’পক্ষের মধ্যে বচসা থেকে গণ্ডগোলের সূত্রপাত হয়। এই ঘটনায় আক্রান্ত হন সিপিএমের কাঁচরাপাড়া এরিয়া কমিটির সম্পাদক দেবাশীষ রক্ষিত ওরফে ববি।

শুক্রবার আক্রান্ত নেতার বাড়িতে পৌঁছে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন বীজপুরের বিধায়ক সুদীপ্ত দাস। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক জানান, ববিদার সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক। বৃহস্পতিবার একটি ঘটনা ঘটেছে ঠিকই, তবে রাজনীতির ঊর্ধ্বে উঠে একজন ভাই ও সহনাগরিক হিসেবে তিনি ববির শারীরিক অবস্থার খোঁজ নিতে এসেছেন।

সুদীপ্ত দাসের বক্তব্য, রাজনীতিতে এই ধরনের সৌজন্য থাকা জরুরি। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও ব্যক্তিগত সম্পর্ক ও মানবিকতার জায়গা অটুট থাকা উচিত। রাজনীতির ঊর্ধ্বে উঠে সৌজন্য ও মানবিকতার এই বার্তাই এ দিনের সাক্ষাতে উঠে এসেছে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।