Bengal Liberty : গুরুতর অসুস্থ হয়ে কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়িকা রেখা পাত্র। শনিবার রাতে নিজের বাড়িতে আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় শেষ পর্যন্ত কলকাতার আর এন টেগর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বিধায়িকাকে। বর্তমানে সেখানেই আশঙ্কাজনক অবস্থায় তাঁর চিকিৎসা চলছে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। তবে ঠিক কী কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন, তা এখনও স্পষ্ট নয়। বিধায়িকার শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে রাজনৈতিক মহলেও।
জানা গিয়েছে, শনিবার রাত আনুমানিক ৯টা নাগাদ হিঙ্গলগঞ্জের নিজের বাড়িতেই হঠাৎ অসুস্থ বোধ করেন রেখা পাত্র। পরিস্থিতি বুঝে বাড়িতে উপস্থিত লোকজন দ্রুত তাঁকে স্থানীয় স্যান্ডেলের বিল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শুরু হলেও কিছুক্ষণের মধ্যেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে চিকিৎসকেরা তাঁকে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দেন। সেই অনুযায়ী রাতেই বিধায়িকাকে বসিরহাটে নিয়ে যাওয়া হয়।
হাসপাতাল সূত্রে পাওয়া প্রাথমিক খবর অনুযায়ী, বসিরহাটে পৌঁছনোর সময় রেখা পাত্রের জ্ঞান ছিল না। তাঁকে অক্সিজেন ও স্যালাইন সাপোর্টে রাখা হয়েছিল। শারীরিক পরিস্থিতি বিবেচনা করে চিকিৎসকেরা দ্রুত তাঁকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করেন। সেখানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হলেও অবস্থার বিশেষ উন্নতি হয়নি বলে জানা গিয়েছে। প্রায় চার ঘণ্টা চিকিৎসা চলার পরেও শারীরিক অবস্থার পরিবর্তন না হওয়ায় তাঁকে কলকাতায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও খবর
এরপর অক্সিজেন ও স্যালাইন সাপোর্টে রেখেই বিধায়িকাকে অ্যাম্বুল্যান্সে কলকাতার আর এন টেগর হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। তবে তিনি এখন জ্ঞান ফিরে পেয়েছেন কি না কিংবা শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়েছে কি না, সে বিষয়ে এখনও নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
সবচেয়ে বড় প্রশ্ন, আচমকা কেন অসুস্থ হয়ে পড়লেন বিজেপি বিধায়িকা? হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তাঁর শরীরে ঠিক কী ধরনের উপসর্গ দেখা দিয়েছিল? কোনও পুরনো শারীরিক সমস্যা থেকেই এই পরিস্থিতি তৈরি হয়েছে, নাকি অসুস্থতার পিছনে অন্য কোনও কারণ রয়েছে? এই সমস্ত প্রশ্নের উত্তর এখনও অজানা। বিধায়িকার স্বামী কিংবা বিজেপি নেতৃত্ব কেউই অসুস্থতার কারণ সম্পর্কে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। হাসপাতাল কর্তৃপক্ষের তরফেও বিস্তারিত মেডিক্যাল বুলেটিন প্রকাশ করা হয়নি।
ফলে রেখা পাত্রের অসুস্থতার প্রকৃত কারণ এবং বর্তমান শারীরিক পরিস্থিতি নিয়ে ধোঁয়াশা বজায় রয়েছে। চিকিৎসকদের পরবর্তী পর্যবেক্ষণ এবং হাসপাতালের আনুষ্ঠানিক বিবৃতির দিকেই এখন নজর রয়েছে।


