Bengal Liberty : দেশজুড়ে সাংবিধানিক স্তরে বড়সড় রদবদল হল। সোমবার রাতে রাষ্ট্রপতি ভবন থেকে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে দেশের মোট ছয়টি রাজ্যে নতুন রাজ্যপাল নিয়োগের কথা ঘোষণা করা হয়। জানা গিয়েছে ইতিমধ্যেই এই রাজ্যপাল বদলের প্রস্তাবে সিলমোহর দিয়েছেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরোধিতা ও পদত্যাগের দাবিতে চলতে থাকা আন্দোলনের আবহে একাধিক রাজ্যের রাজ্যপাল বদল রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। সংশ্লিষ্ট রাজ্যগুলির নতুন রাজ্যপালরা নিজ নিজ পদের দায়িত্বভার আনুষ্ঠানিকভাবে গ্রহণের দিন থেকেই এই নিয়োগ কার্যকর হবে।
সাংবিধানিক বদলে শিলমোহর রাষ্ট্ৰপতির
ঘোষিত তালিকা অনুযায়ী, রাজেন্দ্র আর্লেকরকে তামিলনাড়ুর পূর্ণাঙ্গ রাজ্যপালের দায়িত্ব অর্পণ করা হয়েছে। এতদিন তিনি এই পদে অতিরিক্ত দায়িত্ব সামলাচ্ছিলেন। অন্যদিকে, বিজেপির অন্দরে সম্প্রতি নতুন সভাপতি নীতিন নবীনের টিম গঠিত হওয়ার পর দুষ্যন্ত গৌতমের নতুন দায়িত্বপ্রাপ্তি নিয়ে জল্পনা ছিল। অবশেষে সিকিমের নতুন রাজ্যপাল হিসেবে তাঁর নাম ঘোষণা করা হলো। এর আগে সিকিমের রাজ্যপালের দায়িত্বে থাকা ওমপ্রকাশ মাথুরকে কেরলের নতুন রাজ্যপাল করা হয়েছে।
পাশাপাশি, কর্ণাটকের রাজ্যপাল পদের দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপির সংসদীয় বোর্ডের বিশিষ্ট সদস্য সুধা যাদবকে। তিনি এর আগে সংসদ সদস্য হিসেবেও নিজের রাজনৈতিক দায়িত্ব পালন করেছেন।
ওড়িশার নতুন রাজ্যপাল হিসেবে মনোনীত হয়েছেন ব্রজমোহন রাম। পালামৌয়ের এই প্রাক্তন সংসদ সদস্য এবার ওড়িশার রাজ্যপালের চেয়ারে বসতে চলেছেন। অন্যদিকে, মধ্যপ্রদেশের বলাঘাট কেন্দ্রের প্রাক্তন লোকসভা সাংসদ ধল সিং বিষেনকে উত্তরাখণ্ডের নতুন রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হয়েছে। উল্লেখ্য, চলতি বছর বাংলার বিধানসভা নির্বাচনের ঠিক প্রাক্কালে রাজ্যপাল নিয়োগ ঘিরে রাজনীতির ময়দানে তীব্র নাটকীয়তা তৈরি হয়েছিল। ভোটের দেড় মাস আগে তৎকালীন রাজ্যপাল সিভি আনন্দ বোস হঠাৎ পদত্যাগ করলে নতুন রাজ্যপাল হিসেবে আরএন রবির নাম ঘোষণা করা হয়। বাংলার যোগ দেওয়ার আগে তিনি তামিলনাড়ুর রাজ্যপালের দায়িত্বে ছিলেন। জানা যাচ্ছে, কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলের সম্ভাবনা নিয়েও জল্পনা জোরালো হচ্ছে।


