Sujit Bose
সুজিত বসু

পুজোতেও গারোদের ওপারেই থাকবেন সুজিত বসু, জামিনের আবেদন খারিজ হাই কোর্টে

পুজোর আগে জামিনের আশায় কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সুজিত বসু। মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে সেই আবেদনের শুনানি হয়। ইডির তরফে আদালতে জানানো হয়, জামিন পেলে সুজিত বসু প্রভাব খাটিয়ে মামলার প্রমাণ নষ্ট করতে পারেন। তাতে তদন্তের কাজ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই যুক্তির পর তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেনি আদালত। যদিও আবেদন খারিজের ক্ষেত্রে আলাদা করে কোনও কারণ উল্লেখ করা হয়নি বলে জানা গিয়েছে।

Sujit Bose
সুজিত বসু

পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সুজিতকে ঘিরে একাধিক অভিযোগ সামনে এসেছে। তদন্তের সূত্র ধরে বিভিন্ন জায়গায় তল্লাশিও চালিয়েছেন ইডির আধিকারিকরা। পুর নিয়োগ দুর্নীতির পাশাপাশি আর্থিক অনিয়ম এবং তাঁর ছেলের রেস্তরাঁকে কেন্দ্র করেও একাধিক বেআইনি কাজের অভিযোগ উঠেছে। যদিও অভিযোগগুলির সত্যতা বিচারাধীন এবং তদন্তের বিষয়।

বিধাননগর আসন থেকে পরাজিত হওয়ার পর গত ১২ মে গ্রেফতার হন সুজিত। তারপর থেকে জেলেই রয়েছেন তিনি। প্রাক্তন দমকলমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত যত এগিয়েছে, ততই বেড়েছে আইনি জটিলতা। জামিনের আবেদন বারবার খারিজ হওয়ায় আপাতত জেলমুক্তির সম্ভাবনা অনিশ্চিত। আর তারই মধ্যে এসে পড়েছে দুর্গাপুজো। প্রতি বছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোর প্রস্তুতি থেকে আয়োজন-সব ক্ষেত্রেই সুজিতের সক্রিয় ভূমিকা নজর কাড়ত। কিন্তু এ বার পুজোর মরশুমেও জেলবন্দি থাকতে হচ্ছে তাঁকে। পিতৃপক্ষে সুজিতের পুজোর উদ্বোধন করতেন মমতা বন্দ্যোপাধ্যায় । আর এ বার মমতা মুখ্যমন্ত্রী পদে নেই, আর শ্রীভুমির পুজোয় সুজিত অনুপস্থিত । ফলে শ্রীভূমির পুজো নিয়ে পরিচিত ব্যস্ততা থেকে দূরেই কাটবে প্রাক্তন মন্ত্রীর এবারের উৎসব।

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।