Bengal Liberty : তদন্তের গোপনীয়তা লঙ্ঘন করে ব্যক্তিগত তথ্য ও জিজ্ঞাসাবাদের বিষয়বস্তু সংবাদমাধ্যমে প্রকাশ করা হচ্ছে। এমনই অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাঁর সেই মামলা জরুরি ভিত্তিতে শুনতে রাজি হল না আদালত। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দেন, এখনই মামলাটির শুনানি সম্ভব নয়। আগামী ডিসেম্বর মাসের তালিকায় মামলাটি রাখা যেতে পারে। ফলে তদন্তের তথ্য সংবাদমাধ্যমে ফাঁস হওয়ার অভিযোগে অভিষেকের দায়ের করা মামলার শুনানির জন্য আরও অপেক্ষা করতে হবে।

জরুরি শুনানির আর্জি খারিজ হাই কোর্টের
মঙ্গলবার কলকাতা হাই কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে সওয়াল করেন তাঁর আইনজীবী। মামলাটির দ্রুত শুনানির আবেদন জানান তিনি। অভিষেকের অভিযোগ, তদন্ত সংক্রান্ত বিভিন্ন তথ্য সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ায় কার্যত ‘মিডিয়া ট্রায়াল’ চলছে। তদন্তের নামে তাঁকে কী কী প্রশ্ন করা হচ্ছে, সেই বিষয়ও প্রকাশ্যে চলে আসছে বলে দাবি তৃণমূল সাংসদের। তবে মামলাটি জরুরি ভিত্তিতে শুনতে রাজি হননি বিচারপতি সৌগত ভট্টাচার্য। তিনি জানান, এই মুহূর্তে মামলাটির শুনানি সম্ভব নয়। আগামী ডিসেম্বর মাসের তালিকায় মামলাটি রাখা যেতে পারে।
উল্লেখ্য, এর আগে মামলাটি থেকে সরে দাঁড়িয়েছিলেন বিচারপতি কৃষ্ণ রাও। বিচারপতি কৃষ্ণা রাও মামলা ছাড়তেই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়েছিল অভিষেক। প্রধান বিচারপতি বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলা দায়েরের অনুমতি দিয়েছিলেন।
আরও খবর
কী অভিযোগ অভিষেকের?
রাজ্যে সরকার পরিবর্তনের পর একাধিক অভিযোগের ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। বিভিন্ন ঘটনায় তাঁকে কখনও পুলিশের, কখনও সিআইডির মুখোমুখি হতে হয়েছে। তদন্তকারী সংস্থাগুলি তাঁকে ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে।অভিষেকের অভিযোগ, জিজ্ঞাসাবাদের সময় তদন্তকারীরা তাঁকে কী কী প্রশ্ন করেছেন, তার বিস্তারিত বিবরণ পরে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। একাধিক সংবাদমাধ্যমে এই সংক্রান্ত প্রতিবেদনও প্রকাশিত হয়েছে বলে দাবি তাঁর।
তৃণমূল সাংসদের আরও অভিযোগ, গত ১১ জুন ভবানী ভবনে তাঁকে জিজ্ঞাসাবাদের সময় কী কী প্রশ্ন করা হয়েছিল, সেই তথ্যও সংবাদমাধ্যমে ফাঁস হয়ে যায়। তদন্তের গোপনীয়তা বজায় রাখা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। ব্যক্তিগত তথ্য ও তদন্তের বিষয়বস্তু এ ভাবে প্রকাশ্যে আসায় তাঁর বিরুদ্ধে ‘মিডিয়া ট্রায়াল’ চালানো হচ্ছে বলে অভিযোগ অভিষেকের। এই অভিযোগের ভিত্তিতেই কলকাতা হাই কোর্টে মামলা করেছিলেন তিনি। তবে জরুরি শুনানির আবেদন খারিজ করল কলকাতা হাই কোর্ট।


