Bengal Liberty : শিলিগুড়িতে হিন্দু জাগরণ মঞ্চের নামে বিরিয়ানি ও মাংস কেনা নিয়ে পোস্টার ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। মহালয়ার পর দিন শহরের বিভিন্ন এলাকায় দেখা যায় একাধিক পোস্টার। সেখানে লেখা রয়েছে, ‘হিন্দুর দোকান থেকে মাংস কিনুন’ এবং ‘বিরিয়ানি খেতে বারণ করা হচ্ছে না, বিরিয়ানি খান; কিন্তু হিন্দুর দোকান থেকে।’ এই পোস্টার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এবার এই বিতর্কে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, দেশে বাক্-স্বাধীনতা রয়েছে, প্রত্যেকেরই নিজের মত প্রকাশের অধিকার আছে।
মঙ্গলবার নদিয়ার রানাঘাটের ৪-এর পল্লীর দুর্গাপুজোর উদ্বোধনে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু। প্রথমে তিনি জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর একটি অভ্যন্তরীণ গোয়েন্দা বৈঠকে যোগ দেওয়ার জন্য তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে। সেই বৈঠকে যোগ দিতে বিকেলেই রওনা দেওয়ার কথা তাঁর।

এর পরেই শিলিগুড়িতে হিন্দু জাগরণ মঞ্চের বিরিয়ানি সংক্রান্ত পোস্টার এবং তা ঘিরে তৈরি হওয়া বিতর্ক নিয়ে তাঁকে প্রশ্ন করেন সাংবাদিকেরা। জবাবে শুভেন্দু বলেন, “হিন্দু জাগরণ মঞ্চ স্বাধীন মত প্রকাশের অধিকার রাখছে। প্রত্যেকে নিজের মতো করে মতপ্রকাশ করছেন, যার যেমন মনে হচ্ছে, তাই করছেন। আমাদের দেশের তো বাক্-স্বাধীনতা রয়েছে।”
আরও খবর
উৎসবের মরসুমে এই পোস্টার ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। খাবার কেনার ক্ষেত্রে ধর্মীয় পরিচয়কে গুরুত্ব দেওয়ার বার্তা নিয়েও উঠছে প্রশ্ন। একদিকে যেমন পোস্টার ঘিরে বিতর্ক তৈরি হয়েছে, অন্যদিকে তা নিয়ে রাজনৈতিক দলগুলির প্রতিক্রিয়াও সামনে আসছে। শুভেন্দুর এই মন্তব্যে বাক্-স্বাধীনতার প্রসঙ্গটি সামনে এসেছে। তবে এই পোস্টার ঘিরে বিতর্কের জল কোন দিকে গড়ায়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।


