Bengal Liberty : কলকাতার তিনটি পুজো মণ্ডপকে নোটিশ পাঠাল দমকল বিভাগ। তিনটি পুজো মণ্ডপ হল চেতলা অগ্রণী, বালিগঞ্জ কালচারাল ও ত্রিধারা সম্মিলনী। এদিন উচ্চ পর্যায়ের একটি তদন্তকারী দল পুজো মণ্ডপগুলি পরিদর্শন করে। এরপর দমকল বিভাগের তরফ থেকে চেতলা অগ্রণীকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, মণ্ডপের ভিতরে যেন পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়। পাশাপাশি মণ্ডপের ভিতরে যেন ফ্যান ও এসির ব্যবহার করা হয়, যাতে কোনও দমবন্ধ করার মতো পরিস্থিতির সৃষ্টি না হয়।
সেই সঙ্গে বলা হয়েছে, পুজো মণ্ডপের কাছে এলপিজি সিলিন্ডার রয়েছে, যা থেকে যেকোনও সময়ে দুর্ঘটনা ঘটতে পারে। ত্রিধারা সম্মিলনীর সম্পর্কে দমকলের অভিযোগ অবশ্য অন্য। এক্ষেত্রে দমকলের তরফে জানানো হয়েছে, ত্রিধারার পুজো মণ্ডপ এমন সব পদার্থ দিয়ে তৈরি করা হয়েছে যা খুবই দাহ্য। এই পরিস্থিতিতে পুজো মণ্ডপে অগ্নি নির্বাপনের ব্যবস্থা করা যায়, সেই ব্যবস্থা করার কথাও জানিয়েছে দমকল বিভাগ। একইসঙ্গে বালিগঞ্জ কালচারালের ক্ষেত্রেও মণ্ডপের ভিতর পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখার কথা জানানো হয়েছে দমকলের তরফে।


