Bengal Liberty : আগামী মঙ্গলবার মুম্বইতে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক হতে চলেছে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর। তার আগে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আশাপ্রকাশ করলেন মার্কিন বিদেশ সচিব। বললেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি করার ক্ষেত্রে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।’
সম্প্রতি রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিল করা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের প্রসঙ্গ তুলে রুবিও জানান, বেশ কিছু দেশ রয়েছে যাদের রাশিয়ার বিকল্প হিসাবে অন্য দেশ থেকে তেল কেনা শক্ত। মার্কিন যুক্তরাষ্ট্রকে সেই কথা মাথায় রাখতে হচ্ছে। রুবিওর এই মন্তব্য যে ভারতকে নিশানা করেই তা আর বলার অপেক্ষা রাখে না। তবে এদিন রুবিও বুঝিয়ে দেন, মার্কিন যুক্তরাষ্ট্র বিদেশ নীতি নির্ধারণের ক্ষেত্রে এই সব বিষয়গুলি প্রাধান্য দেয়। ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি সই করা নিয়ে মার্কিন বিদেশ সচিব জানিয়েছেন, ভারতের বাণিজ্য মন্ত্রী পীযুষ গোয়েল জানিয়েছেন, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির প্রথম পর্যায়ের কাজ হয়ে গিয়েছে। আইনত খসড়া তৈরির কাজ চলছে। খুব শীঘ্রই গোটা প্রক্রিয়াটি শেষ হবে। উল্লেখ্য, চলতি বছর গত ফেব্রুয়ারি মাসে বাণিজ্য চুক্তির বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা হয়ে গিয়েছে। তবে এখনও পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি।


