Bengal Liberty : গির্জার ভিতরে চলছিল মৃত্যু নিয়ে ব্যাখ্যা। আর সেই ব্যাখ্যা দিতে গিয়েই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা! মাথার উপর ভেঙে পড়ল ক্রুশবিদ্ধ যিশুর মূর্তি। গুরুতর আঘাতের জেরে মৃত্যু হল পাদ্রির। এমনই এক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ইকুয়েডরে। গুয়ায়াকিল শহরের একটি গির্জায় প্রার্থনাসভা চলাকালীন দেওয়ালে টাঙানো বিশালাকার ক্রুশটি ভেঙে পড়ে মৃত্যু হয় এক ক্যাথলিক পাদ্রির। ঘটনাটি ঘটে ২০২৬ সালের ১৭ অক্টোবর, শনিবার সন্ধ্যায়। সবচেয়ে মর্মান্তিক বিষয়, সেই সময় প্রার্থনাসভার সরাসরি সম্প্রচার চলছিল। ফলে দুর্ঘটনার দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এবং গুয়ায়াকিলের ক্যাথলিক ধর্মীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নিহত পাদ্রির নাম ফাদার পাত্রিসিও আলফ্রেদো সানচেজ মোলিনারি।
ক্রুশবিদ্ধ যিশুর মূর্তিটি মাথায় পড়ায় গুরুতর আঘাত পান ওই পাদ্রি। শেষ পর্যন্ত তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। যে ধর্মীয় স্থানে মানুষ প্রার্থনা ও মানসিক শান্তির খোঁজে আসেন, সেখানেই এমন মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।
কীভাবে ক্রুশবিদ্ধ যিশুর মূর্তিটি দেওয়াল থেকে খুলে পড়ল, তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। মূর্তিটি আগে থেকেই দুর্বল অবস্থায় ছিল কি না, নাকি অন্য কোনও কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা প্রয়োজন। দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত তথ্য সামনে না আসা পর্যন্ত কোনও সিদ্ধান্তে পৌঁছনো ঠিক হবে না। তবে মৃত্যুর ব্যাখ্যা দিতে গিয়ে পাদ্রির এমন মর্মান্তিক পরিণতি ঘিরে ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠছে।


