Suvendu Adhikari
রায়গঞ্জে 'এইমস' তৈরির আশ্বাস মুখ্যমন্ত্রীর

রায়গঞ্জে ‘এইমস’ তৈরির আশ্বাস মুখ্যমন্ত্রীর

Bengal Liberty : উত্তর দিনাজপুরের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল! অবশেষে তাদের দাবি পূরণে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রায়গঞ্জে একটি ‘অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস’ বা ‘এইমস’ তৈরির প্রস্তাব দিল রাজ্য সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রককে চিঠি দিয়ে জানান রাজ্যের মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল। কেন্দ্রের অনুমোদন-সহ প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পূর্ণ হলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে রায়গঞ্জে এইমসের ভূমিপুজো করবেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

রাজ্যের বক্তব্য, রায়গঞ্জে ‘এইমস’ তৈরি হলে উত্তরবঙ্গের পাশাপাশি উত্তর বিহার ও উত্তর-পূর্ব ভারতের মানুষও চিকিৎসার সুবিধা পাবেন। বৃহস্পতিবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জে প্রশাসনিক বৈঠকের পর সরকারি অনুষ্ঠানে যোগ দেন শুভেন্দু অধিকারী। সেখানেই জেলার স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বার্তা দেন তিনি।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এই হাসপাতাল তৈরির জন্য রায়গঞ্জে প্রায় ১৮০ একর জমি চিহ্নিত করেছে রাজ্য। জমিটি ‘এইমস’ তৈরির উপযুক্ত কি না, তা খতিয়ে দেখার জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কাছে প্রয়োজনীয় তথ্য দেওয়ার প্রস্তাবও দিয়েছে রাজ্য। কেন্দ্রের দিক থেকে সবুজ সংকেত পেলেই যে রাজ্য নিজের কাজ শুরু করতে প্রস্তুত তাও একপ্রকার জানিয়ে দেওয়া হয়েছে সেই চিঠিতে। বলে রাখা ভালো, শুধু রায়গঞ্জে এইমস নয়, এদিনের সভা থেকে জলপাইগুড়িতেও একটি ক্যানসার হাসপাতাল গড়ে তোলার আশ্বাসও দিয়েছেন শুভেন্দু।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।