Abhishek Banerjee
Abhishek Banerjee

তদন্তের তথ্য ফাঁসের অভিযোগ! ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় এবার সুপ্রিম কোর্টে অভিষেক

অভিষেকের অভিযোগ, পুলিশ ও বিভিন্ন তদন্তকারী সংস্থার কাছ থেকে তদন্ত সংক্রান্ত তথ্য নির্দিষ্ট কয়েকটি সংবাদমাধ্যমে ফাঁস হয়ে যাচ্ছে। তদন্ত চলাকালীন তাঁর ব্যক্তিগত তথ্য, জিজ্ঞাসাবাদের বিবরণ এবং তদন্তের অগ্রগতি প্রকাশ করা হচ্ছে। এর ফলে তাঁর ব্যক্তিগত সম্মান, মর্যাদা ও গোপনীয়তার অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। একই সঙ্গে তদন্তের উপরেও এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। সুপ্রিম কোর্টে অভিষেকের আবেদন, তদন্ত সংক্রান্ত কোনও তথ্য যাতে বাইরে প্রকাশ না পায়, তা নিশ্চিত করতে পুলিশ ও তদন্তকারী সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হোক। পাশাপাশি, তদন্তে প্রভাব ফেলতে পারে বা কারও সম্মানহানি ঘটাতে পারে, এমন খবর প্রকাশ থেকে সংবাদমাধ্যমকে বিরত রাখার নির্দেশ দিক আদালত।

এই একই আবেদন নিয়ে প্রথমে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। প্রথমে বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চে মামলাটি ওঠে। তবে তিনি জানান, বিষয়টি তাঁর বিচারাধীন এক্তিয়ারভুক্ত নয়। উপযুক্ত বেঞ্চে যাওয়ার পরামর্শ দেন। পরে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে মামলাটি ওঠে। কিন্তু জরুরি ভিত্তিতে শুনানিতে রাজি হননি বিচারপতি। তাঁর বক্তব্য ছিল, মামলাটি দ্রুত শুনতে হবে, এমন কোনও প্রয়োজনীয়তা নেই। আদালতের নির্ধারিত তালিকা মেনেই শুনানি হবে।এর পরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তৃণমূল সাংসদ। রাজ্যে সরকার পরিবর্তনের পর একাধিক মামলায় পুলিশ-সহ বিভিন্ন তদন্তকারী সংস্থার তরফে তাঁকে একাধিকবার তলব করা হয়েছে। কখনও ভবানীভবনে, কখনও বিভিন্ন থানায় হাজিরা দিয়েছেন তিনি। অভিষেকের অভিযোগ, এই হাজিরা ও জিজ্ঞাসাবাদের বিষয়গুলিও গোপন রাখা হচ্ছে না। তদন্তের নামে ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে চলে আসছে। এই প্রবণতা বন্ধ করতেই এ বার শীর্ষ আদালতের হস্তক্ষেপ চেয়েছেন তিনি।

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।