Cow vigilante Campaign
Cow vigilante Campaign

বঙ্গে গোমাতার সুরক্ষায় ‘নীল নকশা’ তৈরি VHP-র, শীঘ্রই বাংলায় গোরক্ষকদের অভিযান

Bengal Liberty : রাজ্যে পালাবদলের পর গোহত্যা ও গরু পাচারের ঘটনা কমেছে। তবে এখনও পুরোপুরি বন্ধ হয়নি। সম্প্রতি পুরুলিয়ায় এসইউভি গাড়িতে করে গরু পাচারের চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারও করেছে পুলিশ। বাংলায় গোহত্যা ও গরু পাচার পুরোপুরি রুখতে উদ্যোগী বিশ্ব হিন্দু পরিষদ (VHP)। সেই লক্ষ্যেই দিল্লির কার্যালয়ে তৈরি হল ‘নীল নকশা’। রাষ্ট্রীয় গোরক্ষা বাহিনী গোসেবা সংঘের পশ্চিমবঙ্গ শাখার নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেন বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি অলোক কুমার। শীঘ্রই বাংলায় গোরক্ষার লক্ষ্যে কর্মসূচি ও অভিযান শুরু করতে পারে VHP।

ভারতের অন্যতম বৃহৎ হিন্দু সংগঠনের সভাপতি নিজের কার্যালয়ে একটি রাজ্যস্তরের গো-রক্ষা সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। এই ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে। এই বৈঠকের পর পশ্চিমবঙ্গে সংগঠনকে আরও শক্তিশালী করার বিষয়ে বিশ্ব হিন্দু পরিষদের আগ্রহ স্পষ্ট বলে মনে করা হচ্ছে। যদিও এখনও আনুষ্ঠানিক ভাবে কোনও কর্মসূচি ঘোষণা করা হয়নি। সূত্রের খবর, খুব শীঘ্রই বিভিন্ন জেলায় যৌথ ‘গোসেবা’ কর্মসূচি, গোশালাগুলিকে সহায়তা প্রদান এবং দক্ষিণ ও উত্তর ২৪ পরগনায় সচেতনতামূলক প্রচার অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে।

Cow vigilante Campaign
Cow vigilante Campaign

বৈঠকে রাষ্ট্রীয় গোরক্ষা বাহিনী গোসেবা সংঘের পশ্চিমবঙ্গ শাখার সংখ্যালঘু সেলের নেতা ইকবাল ত্যাগী ও রিজওয়ান আনসারিও উপস্থিত ছিলেন। ওয়াকিবহাল মহলের দাবি, সংখ্যালঘু নেতৃত্বের উপস্থিতির মাধ্যমে গোহত্যা ও গরু পাচারের বিষয়টিকে কোনও একটি সম্প্রদায়ের লড়াই হিসেবে না দেখে, সব সম্প্রদায়ের সম্মিলিত উদ্যোগে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার বার্তা দেওয়া হয়েছে।

এ দিন বৈঠকে রাষ্ট্রীয় গোরক্ষা বাহিনী গোসেবা সংঘের পশ্চিমবঙ্গ শাখার নেতৃত্বকে সম্মানিত করা হয়। তাঁদের হাতে তুলে দেওয়া হয় ‘গোমাতা স্মারক’ পুরস্কার। বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের জাতীয় সাধারণ সম্পাদক বাবান ঘোষ, সংখ্যালঘু সেলের জাতীয় সভাপতি ইকবাল ত্যাগী, পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক বিক্রম ঘোষ, দক্ষিণ ২৪ পরগনা জেলার সভাপতি প্রসেনজিৎ দে, উত্তর ২৪ পরগনা জেলার সভাপতি স্বামী ঈশ্বরানন্দ প্রভুজি মহারাজ এবং উত্তর ২৪ পরগনা জেলা সংখ্যালঘু সেলের সভাপতি রিজওয়ান আনসারি।

অন্য দিকে, পরিবর্তনের বাংলায় প্রথমবারের জন্য আগামী বছরের শুরুতে, মকর সংক্রান্তির আগে কলকাতায় আয়োজিত হতে চলেছে মহাধর্ম সম্মেলন। ঈশ্বর ট্রাস্ট এবং রাষ্ট্রীয় গোরক্ষা বাহিনী ও গোসেবা সংঘের পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হচ্ছে। সেখানে উপস্থিত থাকার কথা বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি অলোক কুমারের।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।