Bengal Liberty : বছরখানেক আগে গুলিবিদ্ধ হয়ে খবরের শিরোনামে এসেছিলেন সদ্য প্রয়াত পুলিশ আধিকারিক জয়ন্ত পাল। এবার তাঁর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বাঁকুড়া শহরের কেঠারডাঙা রেলগেটের কাছে উদ্ধার হয়েছে তাঁর দেহ। জানা গিয়েছে, আরণ্যক এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয়েছে ওই পুলিশ আধিকারিকের। তবে এটি নিছক দুর্ঘটনা, নাকি মৃত্যুর নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই জয়ন্তের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা।
রেললাইনের ধারে উদ্ধার পুলিশ আধিকারিকের দেহ
বাঁকুড়া পুলিশ লাইনে ইনস্পেক্টর পদে কর্মরত ছিলেন জয়ন্ত পাল। শুক্রবার সন্ধ্যায় বাঁকুড়া শহরের কেঠারডাঙা রেলগেটের কাছে তাঁর দেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, আরণ্যক এক্সপ্রেসের ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছে। পুলিশ দেহ উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তবে কীভাবে এই ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। রেললাইন পারাপারের সময় দুর্ঘটনা ঘটেছিল, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। জয়ন্তের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের অগ্রগতির পরেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
পেট্রল পাম্পে গুলিবিদ্ধ হয়ে শিরোনামে এসেছিলেন জয়ন্ত
জয়ন্তের নাম এর আগেও বিতর্কে জড়িয়েছিল। ২০২৫ সালের ২০ ফেব্রুয়ারি হাওড়ার ঘোষপাড়ার একটি পেট্রল পাম্পে গুলিবিদ্ধ হন তিনি। তাঁর বাঁ হাতে গুলি লাগে। সেই সময় তিনি হুগলির চণ্ডীতলা থানার আইসি পদে কর্মরত ছিলেন। ওই ঘটনাকে কেন্দ্র করে সামনে আসে এক রহস্যময়ী তরুণীর প্রসঙ্গ। জানা যায়, হাওড়ার সাঁকরাইলের বাসিন্দা ওই তরুণীর সঙ্গে সোশাল মিডিয়ায় পরিচয় হয়েছিল জয়ন্তের। তাঁদের মধ্যে ঘনিষ্ঠতাও তৈরি হয়েছিল বলে জানা গিয়েছিল। ওই এলাকার একটি বহুতলে দু’জনকে একাধিকবার দেখা গিয়েছিল বলেও খবর সামনে আসে। যদিও গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর ওই তরুণীর মা দাবি করেন, তিনি জয়ন্তকে চিনতেনই না।
আরও খবর
এই ঘটনার পর জয়ন্তকে সাসপেন্ড করে রাজ্য পুলিশ। তৎকালীন রাজ্য পুলিশের এডিজি জানিয়েছিলেন, কাউকে কিছু না জানিয়ে থানা থেকে বেরিয়ে ভিন্জেলায় চলে গিয়েছিলেন জয়ন্ত। কর্তব্যরত অবস্থায় নিয়মভঙ্গের অভিযোগেই তাঁকে সাসপেন্ড করা হয়েছিল। পরে সাসপেনশন প্রত্যাহার হওয়ার পর খানাকুল, চণ্ডীতলা ও সিঙ্গুর থানায় দায়িত্ব সামলান তিনি। বর্তমানে বাঁকুড়া পুলিশ লাইনে ইনস্পেক্টর পদে কর্মরত ছিলেন জয়ন্ত। এবার তাঁর রহস্যমৃত্যুকে ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।


