Bengal Liberty : কলকাতার মা উড়ালপুলে ফের দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার টপকে উল্টো দিকের লেনে ঢুকে পড়ে একটি দ্রুতগতির গাড়ি। এরপরই বিপরীত দিক থেকে আসা অন্য একটি চারচাকা গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। শনিবার সকালে তপসিয়ার হিন্দু কবরস্থানের কাছে এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দু’জন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
কীভাবে ঘটল দুর্ঘটনা?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল ৮টা নাগাদ পার্ক সার্কাসের দিক থেকে বাইপাসের দিকে যাচ্ছিল একটি কালো রঙের দ্রুতগতির চারচাকা গাড়ি। তপসিয়ার হিন্দু কবরস্থানের কাছে আচমকাই গাড়িটির চালক নিয়ন্ত্রণ হারান। এরপর গাড়িটি ডিভাইডার টপকে উল্টো দিকের লেনে ঢুকে পড়ে। সেই সময় বিপরীত দিক থেকে আসা অন্য একটি চারচাকা গাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে।
সংঘর্ষের অভিঘাত এতটাই বেশি ছিল যে, দু’টি গাড়িই কার্যত দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় তপসিয়া থানার পুলিশ। আহত দু’জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তাঁদের মধ্যে একজনকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরজনকে অন্য একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
আরও খবর
মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন চালক?
দুর্ঘটনার পিছনে গাড়ির অতিরিক্ত গতি, নাকি চালকের অন্য কোনও অসতর্কতা কাজ করেছে, তা খতিয়ে দেখছে পুলিশ। কালো গাড়িটির চালক মদ্যপ অবস্থায় ছিলেন কি না, সেই সম্ভাবনাও তদন্ত করে দেখা হচ্ছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দু’টি গাড়িই ইতিমধ্যে তপসিয়া থানায় নিয়ে যাওয়া হয়েছে। এদিকে, দুর্ঘটনার জেরে সাময়িকভাবে ওই এলাকায় যানজট তৈরি হয়। যদিও পুলিশের তৎপরতায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে কী কারণে চালক নিয়ন্ত্রণ হারালেন, তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত স্পষ্ট হবে না।


