Bengal Liberty : শুক্রবার সাতসকালে দক্ষিণ কলকাতার অভিজাত আবাসন সাউথ সিটি কমপ্লেক্সে অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়াল। আবাসনের তিন নম্বর টাওয়ারের ২৮ তলার একটি ফ্ল্যাটে আচমকা আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। বর্তমানে সাতটি ইঞ্জিনের সাহায্যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। কালো ধোঁয়ায় ঢেকে যায় আবাসনের আশপাশের এলাকা। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। আবাসনের ভিতরে কেউ আটকে নেই বলেই জানা গিয়েছে।
২৮ তলার ফ্ল্যাটে আগুন
দমকল সূত্রে খবর, শুক্রবার সকাল ৮টা নাগাদ সাউথ সিটি কমপ্লেক্সের তিন নম্বর টাওয়ারের ২৮ তলার একটি ফ্ল্যাটে আগুন লাগার খবর আসে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। পরে পরিস্থিতির গুরুত্ব বুঝে ইঞ্জিনের সংখ্যা বাড়ানো হয়। বর্তমানে মোট সাতটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। অগ্নিকাণ্ডের জেরে গোটা এলাকায় কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। ফ্ল্যাটের জানলা দিয়ে ঘন ধোঁয়া বেরিয়ে আসতে দেখা যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে আবাসনের বাসিন্দাদের মধ্যে। দমকল পৌঁছনোর আগে আগুন নেভানোর কাজে হাত লাগান আবাসনের নিরাপত্তারক্ষী এবং স্থানীয় বাসিন্দারাও। ইতিমধ্যেই আবাসনের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ভিতরে কেউ আটকে নেই বলে দমকল সূত্রে খবর।
খতিয়ে দেখা হচ্ছে কারণ
দমকল সূত্রে আরও জানা গিয়েছে, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। নতুন করে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা আপাতত নেই। তবে ফ্ল্যাটের বিভিন্ন অংশে কোথাও আগুনের অবশিষ্ট অংশ বা তাপ রয়ে গিয়েছে কি না, তা খতিয়ে দেখছেন দমকলকর্মীরা। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক করতে আরও কিছুটা সময় লাগতে পারে। কী কারণে এই অগ্নিকাণ্ড, তা এখনও স্পষ্ট নয়। আপাতত আগুন সম্পূর্ণ নেভানোই দমকলের প্রধান লক্ষ্য। তারপর আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখা হবে। এই ঘটনায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা-ও এখনও জানা যায়নি। ঘটনাস্থলে রয়েছেন পুলিশ ও দমকলের আধিকারিকেরা। পাশাপাশি পরিস্থিতি সামাল দিতে উপস্থিত রয়েছেন বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা সিইএসসি-র প্রতিনিধিরাও।


