Kolkata Airport Flight Cancellation
কলকাতা বিমানবন্দর থেকে বাতিল কয়েকটি উড়ান

ঘূর্ণিঝড়ের জের, কলকাতা বিমানবন্দরে বাতিল একাধিক উড়ান!

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার দক্ষিণবঙ্গের চার জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। এই তালিকায় রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ বিভিন্ন এলাকায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বইতে পারে ঝোড়ো হাওয়া।

বুধবারের পাশাপাশি বৃহস্পতিবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টির সতর্কতা বহাল থাকবে। তবে শুক্রবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে। ঘূর্ণিঝড়ের পরিস্থিতির কথা মাথায় রেখে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষও আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছেন। কয়েকটি উড়ান বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে, বুধবার সকাল থেকেই বঙ্গোপসাগরে স্বাভাবিকের তুলনায় বেশি জলোচ্ছ্বাস দেখা গিয়েছে। তাজপুর ও শঙ্করপুরের উপকূলবর্তী এলাকায় মাইকিং করে সতর্কবার্তা প্রচার করছে প্রশাসন।

উত্তরবঙ্গেও বৃষ্টির আশঙ্কা

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস রয়েছে। বুধবার উত্তরের কোনও জেলায় বিশেষ বৃষ্টির সতর্কতা জারি করা না হলেও বৃহস্পতিবার ও শুক্রবার পরিস্থিতির অবনতি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলির জন্যও হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।