Bengal Liberty : তৃণমূলের দুই শিবিরের মধ্যে প্রতীকের লড়াই চলছে। তারই মধ্যে ঋতব্রতর দলের প্রতীকের মালিকানা সংক্রান্ত নথি ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এই ঘটনায় পুলিশে এফআইআর দায়ের করা হলে সিআইডি তদন্তের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার বিধানসভায় উপনির্বাচনে জয়ী দুই বিধায়কের শপথগ্রহণ অনুষ্ঠানে এই আশ্বাস দেন তিনি। শুভেন্দুর ঘোষণার পরই পুলিশে অভিযোগ জানানোর প্রস্তুতি শুরু করেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির।
নথি ছিনতাইয়ের অভিযোগ ঋতব্রতের
গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের নেতা তথা বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, দলের প্রতীকের মালিকানা সংক্রান্ত নথি দিল্লিতে নিয়ে যাওয়ার পথে তাঁর কর্মীদের বাধা দেওয়া হয়। এমনকী, নথি ছিনতাইয়েরও চেষ্টা করা হয়। গত ২৬ অক্টোবর নির্বাচন কমিশনের কাছে প্রয়োজনীয় নথি জমা দেওয়ার শেষ দিন ছিল। ঋতব্রত নিজের এক্স হ্যান্ডলে দাবি করেন, ২৫ অক্টোবর রাতে কালীঘাট-পন্থী তৃণমূল চার্টার্ড বিমানে নথি দিল্লিতে পাঠায়। অন্যদিকে, তাঁর দলের কর্মীরা ২৪ অক্টোবর নথি নিয়ে সড়কপথে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন। তাঁর অভিযোগ, সোমবার ভোর সাড়ে ৩টে নাগাদ হরিয়ানায় তাঁদের ট্রাক আটকে নথি ছিনতাইয়ের চেষ্টা হয়। তবে তাঁর সাহসী কর্মীরা সেই চেষ্টা রুখে দেন বলে দাবি করেন ঋতব্রত।
এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার বিধানসভায় শপথগ্রহণ অনুষ্ঠানে এই অভিযোগের প্রসঙ্গ তোলেন শুভেন্দু অধিকারী। ঋতব্রত এফআইআর করলে ঘটনার তদন্তভার সিআইডির হাতে তুলে দেওয়া হবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর কথায়, “আপনারা নিজেরা লড়ুন। ঋতব্রত বলেছেন, তাদের নথি ছিনতাইয়ের চেষ্টা হয়েছে। যদি FIR করেন মামলা CID-কে দেব। এই ধরনের ঘটনা না হওয়াই ভালো।”
আরও খবর
জোড়াফুল প্রতীক নিয়ে টানাপোড়েন
উপনির্বাচনের আগে তৃণমূলের দুই শিবিরকে আলাদা নাম ও প্রতীক দিয়েছিল নির্বাচন কমিশন। মমতা বন্দ্যোপাধ্যায়-পন্থী গোষ্ঠী পেয়েছিল ‘মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ নাম ও ফুটবলার প্রতীক। অন্যদিকে, ঋতব্রত-পন্থী গোষ্ঠী পেয়েছিল ‘গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস’ নাম ও খাম প্রতীক। দলের প্রতীকের মালিকানা সংক্রান্ত নথি-সহ চূড়ান্ত হলফনামা জমা দেওয়ার শেষ দিন ছিল ২৬ অক্টোবর। ওই দিন মমতা-পন্থী শিবির নথি জমা দিলেও ঋতব্রত-পন্থী শিবির তা জমা দিতে পারেনি। সেই দিনই নথি ছিনতাইয়ের অভিযোগে তোলেন ঋত শিবির। এরপর আদালতের কাছে অতিরিক্ত সময় চায় তাদের আইনজীবী। সেই আবেদনে সাড়া দিয়ে সুপ্রিম কোর্ট নথি জমা দেওয়ার জন্য আরও ১০ দিন সময় দিয়েছে।


